কুমিল্লায় মাদক ব্যবসা, কিশোর গ্যাং ও ছিনতাইসহ বিভিন্ন অপরাধ দমনে পুলিশের বিশেষ অভিযানে ১১ দিনে ২ হাজার ৭৬৫ জনকে আটক করা হয়েছে। গত ১ থেকে ১১ নভেম্বর পর্যন্ত জেলার ১৮টি থানায় একযোগে এসব অভিযান পরিচালনা করা হয়।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, আটক ব্যক্তিদের অপরাধে সম্পৃক্ততার বিষয়টি যাচাই-বাছাই শেষে ১ হাজার ৬০৬ জনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে। বাকি ১ হাজার ১৫৯ জনকে মুচলেকা নিয়ে অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।
জেলা পুলিশ সূত্রে জানা গেছে, জেলার অপরাধ নিয়ন্ত্রণে পুলিশ সুপার মো. আনিসুজ্জামানের নির্দেশনায় প্রতিদিন সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত বিভিন্ন ইউনিট ও গোয়েন্দা শাখা (ডিবি) অভিযান পরিচালনা করছে। বিশেষ করে কুমিল্লা মহানগরীসহ জেলার বিভিন্ন এলাকায় কিশোর গ্যাং ও বখাটেদের উৎপাত রয়েছে—এমন স্থানগুলোতে নজরদারি বাড়ানো হয়েছে। এসব অভিযানে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও সরাসরি অংশ নিচ্ছেন।
পুলিশ কর্মকর্তা লুৎফর রহমান জানান, উঠতি বয়সী কিশোরদের অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়া ঠেকাতে নিয়মিত এ অভিযান পরিচালনা করা হচ্ছে। অভিযানের নামে কোনো নিরপরাধ ব্যক্তি যেন হয়রানির শিকার না হন, সে বিষয়েও কঠোর নজরদারি রাখা হচ্ছে।
কিশোর অপরাধ, ছিনতাই, চুরি ও কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের তৎপরতা রোধে জেলা পুলিশ বদ্ধপরিকর বলেও জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।