গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। চলতি বছর হাম ও এর উপসর্গে মোট প্রাণহানি ১ হাজার ২৯৯।
দেশে হামের প্রাদুর্ভাব অব্যাহত রয়েছে। প্রতিদিনই বাড়ছে মৃত্যুর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর হাম ও হামের উপসর্গে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ২৯৯ জনে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হেলথ বুলেটিনে জানানো হয়, বুধবার (১১ নভেম্বর) সকাল ৮টা থেকে বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ৮টা পর্যন্ত মৃত্যুর এ হিসাব করা হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, এ পর্যন্ত নিশ্চিত হামে ১০৫ জন এবং হামের উপসর্গ নিয়ে ১ হাজার ১৯৪ জনের মৃত্যু হয়েছে। তবে গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।
গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে সিলেট বিভাগে দুজন এবং ঢাকা ও চট্টগ্রাম বিভাগে একজন করে মারা গেছেন। একই সময় নতুন করে ১ হাজার ৩৮৪ জনের শরীরে হামের উপসর্গ শনাক্ত হয়েছে। এতে দেশে সন্দেহভাজন রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ৪৪ হাজার ২৯১ জনে।
বুলেটিনে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ১ হাজার ৫৪১ জন রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকা বিভাগে ৬৩৮ জন, চট্টগ্রামে ২৬৯, সিলেটে ২২৯, ময়মনসিংহে ১১৪, বরিশালে ১০৬, খুলনায় ৮৪, রংপুরে ৫৮ এবং রাজশাহীতে ৪৩ জন ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, গত ১৫ মার্চ থেকে বৃহস্পতিবার পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছেন মোট ২ লাখ ১৮ হাজার ৭৫ জন। চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ২ লাখ ৯ হাজার ২০৭ জন।
এদিকে, চলতি বছরের ১৫ মার্চ থেকে ১২ নভেম্বর পর্যন্ত দেশে সন্দেহভাজন হামের রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৪৪ হাজার ২৯১ জনে। তাদের মধ্যে ২৪ হাজার ৮৮০ জনের শরীরে হাম নিশ্চিত হয়েছে।
ডেঙ্গু ও হামে আরও ১০ মৃত্যু