ডায়াবেটিসে আক্রান্তের সংখ্যায় বিশ্বে অষ্টম বাংলাদেশ: বিইএস

আপডেট : ১২ নভেম্বর ২০২৬, ০৫:২৬ পিএম

ইন্টারন্যাশনাল ডায়াবেটিকস ফেডারেশন (আইডিএফ)-এর তথ্যমতে ডায়াবেটিস রোগীর সংখ্যায় বাংলাদেশ এখন বিশ্বে ৮ম এবং ২০৪৫ সালের মধ্যে ৭ম স্থানে পৌঁছাতে পারে; তখন রোগীর সংখ্যা প্রায় ২ কোটি ২৩ লাখ হবে। সমস্যা শুধু রোগীর সংখ্যা বৃদ্ধি নয়—দেরিতে শনাক্তকরণ, অনিয়ন্ত্রিত ডায়াবেটিস এবং প্রতিরোধযোগ্য জটিলতাও বড় চ্যালেঞ্জ।

বাংলাদেশ ডেমোগ্রাফিক এন্ড হেলথ সার্ভে (বিডিএইচএস) ২০১৭–১৮ তথ্য মতে প্রাপ্তবয়স্কদের মধ্যে ডায়াবেটিস ৯.২ শতাংশ ও প্রি-ডায়াবেটিস ১৩.৩ শতাংশ (বয়স-সমন্বিত); প্রায় ৬ শতাংশ প্রাপ্তবয়স্ক অনির্ণীত ডায়াবেটিসে আক্রান্ত। 

বিডিএইচএস ২০২২-এর বিশ্লেষণে ডায়াবেটিসের প্রকোপ প্রায় ১৬–১৭ শতাংশ; আক্রান্তদের মাত্র প্রায় এক-তৃতীয়াংশ নির্ণীত—মূল ঘাটতি শনাক্তকরণে। অতএব প্রয়োজন, ঝুঁকিতে থাকা মানুষকে আগে চেনা, দ্রুত শনাক্ত করা এবং জটিলতার আগেই নিয়ন্ত্রণে আনা।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে বাংলাদেশ এন্ডোক্রাইন সোসাইটি (বিইএস)-এর উদ্যোগে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে আয়োজিত সংবাদ সম্মেলনে বিশেষজ্ঞ চিকিৎসকরা এ তথ্য জানান। 

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অধ্যাপক ডা. এম সাইফুদ্দিন, অধ্যাপক, এন্ডোক্রাইনোলজি বিভাগ, ঢাকা মেডিকেল কলেজ এবং সাধারণ সম্পাদক, বাংলাদেশ এন্ডোক্রাইন সোসাইটি, অধ্যাপক ডা. তানজিনা হোসেন, অধ্যাপক, এন্ডোক্রাইনোলজি বিভাগ, গ্রীন লাইফ মেডিকেল কলেজ এবং প্রেস ও মিডিয়া সেক্রেটারি, বাংলাদেশ এন্ডোক্রাইন সোসাইটি, শাহজাদা সেলিম, সহযোগী অধ্যাপক, এন্ডোক্রাইনোলজি বিভাগ, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় এবং সভাপতি (নির্বাচিত), বাংলাদেশ এন্ডোক্রাইন সোসাইটি, ডা. মির্জা শরিফুজ্জামান সহযোগী অধ্যাপক, এন্ডোক্রাইনোলজি বিভাগ, ঢাকা মেডিকেল কলেজ এবং কোষাধ্যক্ষ, বাংলাদেশ এন্ডোক্রাইন সোসাইটি এবং ডা. ফারিয়া আফসানা, বিভাগীয় প্রধান, এন্ডোক্রাইনোলজি বিভাগ, বারডেম এবং সভাপতি, বাংলাদেশ এন্ডোক্রাইন সোসাইটি। 

অধ্যাপক ডা. এম সাইফুদ্দিন সঞ্চালনায় অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বিশেষজ্ঞ চিকিৎকরা কিছু সম্মিলিত সুপারিশ ও দাবি উত্থাপন করেন। এর মধ্যে উল্লেথযোগ্য হলো-

১. জাতীয় ডায়াবেটিস ও এন্ডোক্রাইন ইনস্টিটিউট প্রতিষ্ঠা ও ৫–১০ বছর মেয়াদি সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা করা।

২. ঝুঁকিভিত্তিক স্ক্রিনিং: ৩৫ বছরের ঊর্ধ্বে সবার এবং বিএমআই ২৩ বা অন্য ঝুঁকিযুক্তদের আগেভাগে পরীক্ষা; প্রাথমিক স্বাস্থ্যসেবায় সহজ ঝুঁকি-মূল্যায়ন।

৩. প্রাথমিক স্তরে সেবা: উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে নিরবচ্ছিন্ন ওষুধ, গ্লুকোমিটার, HbA1c পরীক্ষা ও জটিলতা স্ক্রিনিং; সাশ্রয়ী ক্রয়নীতি ও সরকারি বরাদ্দ বৃদ্ধি।

৪. সার্বজনীন গর্ভকালীন স্ক্রিনিং: সব গর্ভবতীর ডায়াবেটিস পরীক্ষা, ইনসুলিনের সহজপ্রাপ্যতা ও প্রসব-পরবর্তী ফলোআপ।

৫. স্বাস্থ্যশিক্ষা ও নীতি: প্রাথমিক থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত বয়োপযোগী পাঠ, স্কুল ক্যান্টিন নীতি এবং ডব্লিউএইচও-সুপারিশকৃত খাদ্যনীতি।

৬. বিশেষজ্ঞ ও জনবল: এন্ডোক্রাইনোলজিস্টের সরকারি পদ সৃষ্টি, প্রশিক্ষণ আসন বৃদ্ধি এবং জেলা পর্যায়ে মেন্টরিং।

৭.তথ্য ও গবেষণা: জাতীয় ডায়াবেটিস রেজিস্ট্রি, বহুকেন্দ্রিক গবেষণা ও গুণমান-সূচকভিত্তিক জবাবদিহি।

৮. অনিয়ন্ত্রিত ডায়াবেটিস কমাতে: লক্ষ্যভিত্তিক চিকিৎসা, রোগী-শিক্ষা ও টিমভিত্তিক ফলোআপ।

 

সর্বশেষ সর্বাধিক পঠিত