মৌলভীবাজারের রাজনগরে হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত এবং দীর্ঘদিন ধরে পলাতক থাকা আসামি দীপু রবিদাস ওরফে দুর্ভককে (৬৫) গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৯)।
মঙ্গলবার (১১ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ভাটরা ইউনিয়নের ভাটরা বাজারে নূপুর চৌধুরীর পান দোকানের সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।
এসআরবি-৯ সূত্রে জানা গেছে, গ্রেপ্তার দীপু রবিদাস মৌলভীবাজারের রাজনগর চা বাগানের দক্ষিণ সোনাতলা এলাকার মৃত মাধব রবিদাসের ছেলে। রাজনগর থানার একটি হত্যা মামলায় তার বিরুদ্ধে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা ও গ্রেপ্তারি পরোয়ানা ছিল। দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজর এড়িয়ে দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন তিনি।
এসআরবি-৯ সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার ও মিডিয়া অফিসার কে এম শহিদুল ইসলাম সোহাগ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন তথ্যের ভিত্তিতে এসআরবি-৯-এর সিপিসি-২, মৌলভীবাজারের একটি আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, দীপু রবিদাস রাজনগর থানার মামলা নম্বর ১৪, তারিখ ২২ মার্চ ২০১৩, জিআর-৫৩/১৩ এবং দায়রা মামলা নম্বর ৫০৭/২০১৪-এর পরোয়ানাভুক্ত আসামি।