ফেনীতে পরিবারকে জিম্মি করে স্বর্ণালংকার লুট

আপডেট : ১২ নভেম্বর ২০২৬, ০৭:০২ পিএম

ফেনীর দাগনভূঞায় একটি বাড়িতে ডাকাতি করে ২৩ ভরি স্বর্ণালংকার ও নগদ ৫৫ হাজার টাকা লুট করেছে দুর্বৃত্তরা। এ সময় পরিবারের সদস্যদের মারধর করে অস্ত্রের মুখে জিম্মি করে রাখা হয়। 

বুধবার (১১ নভেম্বর) রাত আনুমানিক ৩টার দিকে উপজেলার জায়লস্কর ইউনিয়নের মোল্লাঘাটা বাজারসংলগ্ন বারাহী গোবিন্দ গ্রামের শেখ আহমেদ খাদেমের বাড়িতে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী পরিবার জানায়, গভীর রাতে ১০ থেকে ১২ জন মুখোশধারী ডাকাত বাড়ির দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। পরে দেশীয় অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে একটি কক্ষে আটকে রাখে। এ সময় ডাকাতেরা বাড়ির আটটি কক্ষে ঢুকে স্টিলের আলমারি ও কাঠের ওয়ারড্রব ভাঙচুর করে। বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়ে ২৩ ভরি স্বর্ণালংকার ও নগদ ৫৫ হাজার টাকা নিয়ে পালিয়ে যায়।

বাড়ির গৃহকর্তা এনায়েত চিশতি জানান, ডাকাতেরা পরিবারের সদস্যদের মারধর করে একটি কক্ষে আটকে রাখে। পরে ঘরের বিভিন্ন আসবাব ভেঙে মূল্যবান জিনিসপত্র লুট করে। তাঁদের চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে ডাকাতেরা পালিয়ে যায়।

এ ঘটনায় স্থানীয় বাসিন্দা হামিদুল হক ডিলার ও চিকিৎসক হেশাম উদ্দিনসহ এলাকাবাসী উদ্বেগ প্রকাশ করেছেন। তাঁরা এলাকায় নিরাপত্তা জোরদার এবং ডাকাতির ঘটনায় জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।

দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফয়জুল আজিম নোমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. সাইফুল ইসলাম বলেন, গোয়েন্দা নজরদারির মাধ্যমে ডাকাতির ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করার চেষ্টা চলছে।

 

সর্বশেষ সর্বাধিক পঠিত