পৃথিবী বাঁচুক, কার্বন নিঃসরণ বন্ধ হোক

আপডেট : ১৩ নভেম্বর ২০২৬, ০৭:০১ এএম

লেখাটি যখন প্রকাশিত হবে তখনও চলছে তুরস্কের আনাতালিয়ায় কপ-৩১। প্রতি বছর পৃথিবীর জলবায়ু পরিবর্তনকে ভারসাম্য রাখার জন্য আলাপ-আলোচনা চলে। কিন্তু কোনো সমাধান কি আসে? বর্তমান জলবায়ু রাজনীতির সবচেয়ে বড় নৈতিক সংকট ক্ষতিপূরণ না দিয়ে পাড় হয়ে যাওয়া। শুধু টাকা দিয়ে বা ক্ষতিপূরণ নিয়ে দূষণ চালিয়ে যাওয়ার লাইসেন্স দেওয়া কোনো স্থায়ী বা গ্রহণযোগ্য সমাধান হতে পারে না। টাকা দিয়ে মানুষের ভিটেমাটি, কৃষি, প্রকৃতি, জীবন-জীবিকা, বাস্তুতন্ত্র হারিয়ে যায় কিন্তু জীবন ফিরিয়ে আনা যায় না। ক্ষতিপূরণ কি দূষণ চালিয়ে যাওয়ার লাইসেন্স? এই আশঙ্কাই আজ বৈশ্বিক জলবায়ু আন্দোলনের মূল প্রশ্ন। ধনী শিল্পোন্নত দেশগুলো যেমন যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন, চীন ইত্যাদি, শতাব্দীর পর শতাব্দী অতিরিক্ত কার্বন নিঃসরণ করে বিশ্বকে উত্তপ্ত করেছে। অথচ এর খেসারত দিচ্ছে বাংলাদেশসহ প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্রগুলোর মতো দেশগুলো, যারা বৈশ্বিক কার্বন নিঃসরণে ১% এরও কম অবদান রাখে। ঐতিহাসিক দায়বদ্ধতা ও ন্যায়বিচার জলবায়ু সম্মেলনে ক্ষতিপূরণ বা ‘লস অ্যান্ড ড্যামেজ’ তহবিলের দাবিটি মূলত কোনো দান-খয়রাত নয়; এটি অপরাধীর ক্ষতিপূরণ দেওয়ার নীতির মতো। যারা পরিবেশ ধ্বংস করেছে, তাদের সেই ধ্বংসের দায় নিতে হবে এটি আইনি ও নৈতিক বাধ্যবাধকতা। ধনী দেশগুলো যদি মনে করে যে তারা মোটা অঙ্কের অর্থ দিয়ে কার্বন নিঃসরণ অব্যাহত রাখার অধিকার কিনে নিচ্ছে, তবে তা মারাত্মক ভুল। টাকা কোনো জাদুকরী সমাধান নয়।

সমুদ্রে তলিয়ে যাওয়া ভূমি বা লবণাক্ত হয়ে যাওয়া উর্বর কৃষিজমি কোটি কোটি টাকা খরচ করেও আগের অবস্থায় ফিরিয়ে আনা সম্ভব নয়। বাস্তুচ্যুত মানুষের মানসিক যন্ত্রণা, সাংস্কৃতিক ঐতিহ্য হারানো এবং জীবনযাত্রার ধ্বংসের কোনো আর্থিক মূল্য হয় না। টাকা দিয়ে শুধু সাময়িক পুনর্বাসন বা প্রতিরক্ষা বাঁধ দেওয়া সম্ভব, কিন্তু মূল সংকট থেকেই যায়। মূল সমাধান একটাই দূষণ বন্ধ করা। তাপমাত্রা বাড়লে মেরু অঞ্চলের বরফ দ্রুত গলবে এবং সমুদ্রের পানির আয়তন বাড়বে। হাওরে দেখা দেবে আগাম বন্যা, পাহাড় ধসের বালি, পানি নদীপথে এসে হাওর, বিল, খাল ভরাট হচ্ছে এবং হবে। তখন বন্যা আরও বাড়বে। বাংলাদেশের দক্ষিণাঞ্চলের বিশাল উপকূলীয় এলাকা  যেমন সুন্দরবন, খুলনা, সাতক্ষীরা, ভোলা, বরগুনা স্থায়ীভাবে পানির নিচে তলিয়ে যেতে পারে। জলবায়ু শরণার্থী কোটি কোটি মানুষ তাদের ভিটেমাটি হারিয়ে দেশের ভেতরেই অভ্যন্তরীণ শরণার্থীর জীবন কাটাতে বাধ্য হবে। রাজধানী ঢাকাসহ বড় শহরগুলোতে জনসংখ্যার চাপ ও মানবিক সংকট চরমে পৌঁছাবে। প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় সিডর বা আইলার চেয়েও শক্তিশালী। জলোচ্ছ্বাস, দীর্ঘমেয়াদি বন্যা এবং খরা নিয়মিত ঘটনায় পরিণত হবে। ফসলের ক্ষেত নষ্ট হয়ে দেখা দেবে তীব্র খাদ্য সংকট। সমুদ্রের নোনাজল উপকূলের নদী ও ভূগর্ভস্থ পানির স্তরে ঢুকে পড়ায় সুপেয় পানির তীব্র সংকট তৈরি হবে, যা জনস্বাস্থ্যকে হুমকির মুখে ফেলবে। ক্ষতিপূরণ দাবি করার অর্থ এই নয় যে আমরা দূষণকে মেনে নিয়েছি; এটি মূলত ধনী দেশগুলোর অপরাধের স্বীকৃতি আদায় করার একটি পথ। প্রকৃতিকে ধ্বংস করে কোনো অর্থনীতি টিকতে পারে না।

টাকা দিয়ে প্রকৃতি বাঁচানো যায় না; বাঁচানোর একমাত্র উপায় হলো লোভ কমানো এবং দূষণ বন্ধ করা। ক্ষতিপূরণ দিয়ে রক্তের দাগ মোছা যায় না, হারানো পৃথিবী ফিরিয়ে আনা যায় না। অতিরিক্ত উৎপাদন, বেহিসাবি অপচয় এবং অতি-ভোগবাদী জীবনধারা পৃথিবীর বুক থেকে সবকিছু শুষে নিচ্ছে। ধনী দেশ ও সমাজের উচ্চবিত্তদের এই অতিরিক্ত বিলাসিতা ও লোভের কারণে আজ গোটা পৃথিবীর অস্তিত্ব বিপন্ন। এই ভোগবিলাসিতা অবিলম্বে কমাতে হবে। কয়লা, তেল ও গ্যাসের মতো জীবাশ্ম জ্বালানিই আজকের বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির প্রধান খলনায়ক। সাময়িক মুনাফার লোভে এই বিষাক্ত জ্বালানি পোড়ানো আর চলতে দেওয়া যাবে না। শিল্পোন্নত দেশগুলোকে অবিলম্বে জীবাশ্ম জ্বালানিভিত্তিক অর্থনীতি থেকে সরে আসতে হবে। প্রকৃতিকে বাঁচিয়ে রাখতে হলে আমাদের শতভাগ নবায়নযোগ্য জ্বালানির ওপর নির্ভর করতে হবে। সূর্য, বাতাস এবং পানির শক্তিকে কাজে লাগিয়ে পরিচ্ছন্ন শক্তি উৎপাদন ও তার ব্যবহার বিশ্বব্যাপী দ্রুত বাড়াতে হবে এটাই একমাত্র পথ। আমাদের নদীরক্ষা, মাটিরক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মকে বাঁচানোর একমাত্র শর্ত হলো দূষণ বন্ধ করা এবং পৃথিবীকে সুস্থ রাখা। জলবায়ু সংকটের বিরুদ্ধে লড়াইয়ে এবং পৃথিবীকে বাঁচানোর এই আন্দোলনে যুব সমাজই হলো সবচেয়ে বড় চালিকাশক্তি ও পরিবর্তনের মূল হাতিয়ার। কারণ, আজকের তরুণদেরই আগামী দিনে এই ধ্বংসের পরিণতি ভোগ করতে হবে।

জলবায়ু পরিবর্তন কীভাবে আমাদের জীবন, নদী, কৃষি ও অর্থনীতিকে ধ্বংস করছে তা সামাজিক মাধ্যম ও নানা সৃজনশীল উপায়ে সাধারণ মানুষের কাছে তুলে ধরতে পারে যুবারা। তরুণ গবেষক ও শিক্ষার্থীরা সোলার, বায়ুশক্তি বা অন্যান্য নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারে নতুন নতুন প্রযুক্তি উদ্ভাবন করতে পারে। তরুণদের শক্তি হলো তাদের আপসহীন কণ্ঠস্বর ও পরিবর্তনের অদম্য স্পৃহা। যুবসমাজ যদি আজ ঐক্যবদ্ধ হয়ে বলে ‘আমাদের টাকা চাই না, আমাদের সুস্থ পৃথিবী চাই’ তবে বিশ্বনেতারা এই দাবি মান্য করতে বাধ্য হবে। পৃথিবীকে রক্ষা করার এই লড়াইয়ে যুবকদের ভূমিকা কেবল অংশগ্রহণমূলক নয়, বরং এটিই সবচেয়ে অপরিহার্য। মানুষের প্রয়োজন ও স্বার্থে শুভবোধসম্পন্ন সবাইকে সোচ্চার হতে হবে। আত্মঘাতী কিংবা অপরিণামদর্শী কর্মকা- বন্ধে হতে হবে কাতারবদ্ধ। শক্তিধর দেশগুলোর পরিবেশ-বৈরী যে কর্মকা- অনুন্নত কিংবা উন্নয়নশীল দেশগুলোর জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে এর বিরুদ্ধে হতে হবে অধিকতর সোচ্চার। 

লেখক : গবেষক, পরিবেশকর্মী ও আঞ্চলিক সমন্বয়কারী, বারসিক।

[email protected]

সর্বশেষ সর্বাধিক পঠিত