পৃথিবী যেদিন ধ্বংস হবে

আপডেট : ১৩ নভেম্বর ২০২৬, ০৭:২৫ এএম

পৃথিবী আমাদের আবাসস্থল। পৃথিবী চিরস্থায়ী নয়। একদিন সবকিছুর অবসান ঘটবে। আল্লাহর নির্দেশে সংঘটিত হবে কেয়ামত। মুহূর্তের মধ্যে ভেঙে পড়বে পৃথিবীর পরিচিত ব্যবস্থা। ধ্বংস হয়ে যাবে মহাবিশ্বের বর্তমান কাঠামো। সেদিনের ভয়াবহতা কল্পনা করাও মানুষের সাধ্যের বাইরে।

পবিত্র কোরআনে কেয়ামতের ধ্বংসযজ্ঞের অনেক বর্ণনা রয়েছে। মহান আল্লাহ বলেন, ‘যখন সূর্যকে গুটিয়ে ফেলা হবে, যখন নক্ষত্ররাজি খসে পড়বে, যখন পর্বতমালা স্থানচ্যুত হবে।’ (সুরা তাকভির ১-৩)

যে সূর্যের আলোয় পৃথিবী আলোকিত হয়, কেয়ামতের দিন সেই সূর্য তার বর্তমান অবস্থা হারাবে। আকাশের নক্ষত্রগুলো খসে পড়বে। বিশাল পাহাড়গুলোও স্থির থাকবে না। পৃথিবীর শক্তিশালী ও দৃঢ় পর্বতমালা ছিন্নভিন্ন হয়ে যাবে। মহান আল্লাহ বলেন, ‘আর পাহাড়গুলো হবে ধুনিত রঙিন পশমের মতো।’ (সুরা কারিআহ ৫)

পৃথিবীর বুকে পাহাড়কে মানুষ দৃঢ়তা ও স্থিতিশীলতার প্রতীক মনে করে। কিন্তু আল্লাহর এক নির্দেশেই সেই পাহাড় তুলার মতো উড়ে যাবে। কোনো কিছুই তার নিজস্ব অবস্থানে টিকে থাকতে পারবে না।

সেদিন আকাশও বিদীর্ণ হয়ে যাবে। মহান আল্লাহ বলেন, ‘যখন আকাশ বিদীর্ণ হবে এবং যখন নক্ষত্ররাজি ঝরে পড়বে, যখন সমুদ্রগুলোকে উত্তাল করে দেওয়া হবে এবং যখন কবরগুলো উন্মুক্ত করা হবে।’ (সুরা ইনফিতার ১-৪)

সমুদ্রের বিশাল জলরাশি উত্তাল হয়ে উঠবে। পৃথিবীর স্বাভাবিক প্রাকৃতিক ব্যবস্থা ভেঙে পড়বে। আকাশ, নক্ষত্র, পাহাড়, সমুদ্র, সবকিছুতে ঘটবে অভাবনীয় পরিবর্তন। মানুষ যে পৃথিবীকে নিরাপদ আশ্রয় মনে করে, সেই পৃথিবীই সেদিন আর আগের মতো থাকবে না।

পৃথিবী প্রচণ্ডভাবে কেঁপে উঠবে। তার ভেতরে লুকিয়ে থাকা সবকিছু বের করে দেবে। আল্লাহ বলেন, ‘যখন পৃথিবী তার প্রচণ্ড কম্পনে প্রকম্পিত হবে। আর পৃথিবী তার বোঝা বের করে দেবে। আর মানুষ বলবে, এর কী হলো?’ (সুরা জিলজাল ১-৩)

কেয়ামতের সেই কম্পন হবে অত্যন্ত ভয়াবহ। মানুষ দিশেহারা হয়ে পড়বে। পবিত্র কোরআনে বলা হয়েছে, সেদিন প্রত্যেক স্তন্যদাত্রী তার দুগ্ধপোষ্য শিশুকে ভুলে যাবে এবং প্রত্যেক গর্ভবতী তার গর্ভপাত করে ফেলবে। মানুষকে মাতালের মতো দেখাবে, অথচ তারা মাতাল নয়। (সুরা হজ ১-২)

মহান আল্লাহ বলেন, ‘সেদিন মানুষ পালিয়ে যাবে তার ভাইয়ের কাছ থেকে, তার মা ও বাবার কাছ থেকে, তার স্ত্রী ও সন্তানদের কাছ থেকে।’ (সুরা আবাসা ৩৪-৩৬)

এরপর শুরু হবে বিচার ও হিসাবের পর্ব। মানুষের আমলনামা সামনে তুলে ধরা হবে। দুনিয়ার জীবনে গোপনে কিংবা প্রকাশ্যে করা কোনো কাজই বাদ যাবে না। আল্লাহ বলেন, ‘কেউ অণু পরিমাণ ভালো কাজ করলে তা দেখতে পারবে। আর কেউ অণু পরিমাণ মন্দ কাজ করলে তাও দেখতে পারবে।’ (সুরা জিলজাল ৭-৮)

সেদিন সম্পদ, ক্ষমতা, পদমর্যাদা কিংবা সামাজিক পরিচয় কোনো কাজে আসবে না। মানুষ নিজের আমলের ওপর নির্ভরশীল হবে। নেক আমলের পাল্লা ভারী হলে সফলতা মিলবে। আর অন্যায় ও অবাধ্যতার পরিণতি হবে ভয়াবহ।

কেয়ামতের এই বর্ণনা আমাদের জন্য গভীর সতর্কবার্তা। পৃথিবীর সৌন্দর্য, সম্পদ ও ভোগবিলাসের মোহে পড়ে যেন আমরা আখেরাতের কথা ভুলে না যাই। যে পৃথিবীকে ঘিরে আমাদের এত আয়োজন, একদিন তা ধ্বংস হয়ে যাবে। থেকে যাবে কেবল আমাদের আমল।

তাই সময় থাকতে আল্লাহর দিকে ফিরে আসা জরুরি। পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করা, কোরআন তেলাওয়াত করা, হালাল পথে জীবন পরিচালনা করা, মানুষের অধিকার রক্ষা করা এবং গুনাহ থেকে বেঁচে থাকা প্রত্যেকের দায়িত্ব।

সর্বশেষ সর্বাধিক পঠিত