সফলতা লাভের মূলমন্ত্র

আপডেট : ১৩ নভেম্বর ২০২৬, ০৭:২৫ এএম

সব মানুষ জীবনে সফলতা অর্জনের চেষ্টা করে। সফলতা বলতে বোঝায়, কাক্সিক্ষত সবকিছু অর্জন করা, প্রত্যাশিত সব চাহিদা পূরণ করা, সব ধরনের অনিষ্ট থেকে মুক্তি পাওয়া এবং ভয়ভীতি ও আশঙ্কার যাবতীয় রূপ থেকে নিরাপদ থাকা। একই সঙ্গে জীবনের সব ধরনের অপ্রীতিকর ও অকল্যাণকর বিষয় থেকে দূরে থাকাও সফলতার অন্তর্ভুক্ত।

ইসলাম ধর্ম এমন একটি জীবন পদ্ধতি নির্ধারণ করেছে, যার অনুসরণ করলে ইহকাল ও পরকাল উভয় জীবনেই মানুষের প্রকৃত সফলতা অর্জিত হয়। মহান আল্লাহ বলেন, ‘নিশ্চয়ই মুমিনরা সফলকাম হয়েছে।’ (সুরা মুমিনুন ১) অর্থাৎ তারা সৌভাগ্য অর্জন করেছে, নিজেদের কাক্সিক্ষত লক্ষ্যে পৌঁছেছে এবং যেসব অনিষ্ট থেকে বাঁচতে চেয়েছে, সেগুলো থেকে মুক্তি পেয়েছে।

এই সফলতা অর্জিত হয়েছে মহান আল্লাহর প্রতি ইমান আনা, ইবাদতের ক্ষেত্রে তাকে এক ও অদ্বিতীয় মেনে নেওয়া, আনুগত্যের ক্ষেত্রে তার প্রতি একনিষ্ঠ থাকা, শরিয়তের বিধিবিধান মেনে চলা এবং মহান আল্লাহর নিষিদ্ধ বিষয়গুলো থেকে বিরত থাকার মাধ্যমে।

মহান আল্লাহ আরও বলেন, ‘আলিফ-লাম-মিম। এটি সেই কিতাব, যাতে কোনো সন্দেহ নেই। এটি মুত্তাকিদের জন্য পথনির্দেশ। যারা অদৃশ্য বিষয়ের প্রতি ইমান আনে, নামাজ কায়েম করে এবং আমি তাদের যে রিজিক দান করেছি, তা থেকে ব্যয় করে। আর যারা ইমান আনে আপনার প্রতি যা অবতীর্ণ করা হয়েছে এবং আপনার আগে যা অবতীর্ণ করা হয়েছে তার প্রতি। আর তারা আখেরাতের প্রতি দৃঢ় বিশ্বাস রাখে। তারাই তাদের প্রতিপালকের পক্ষ থেকে প্রাপ্ত হেদায়েতের ওপর প্রতিষ্ঠিত এবং তারাই সফলকাম।’ (সুরা বাকারা ১-৫)

এটি এমন ইমান, যার প্রভাব ও ফল বান্দার অন্তর, জীবন, লেনদেন, আচার-আচরণ, দৃষ্টিভঙ্গি ও চিন্তাধারায় প্রকাশ পায়। এই ইমান মানুষকে তার জীবনের প্রতিটি কাজ মহান আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে পরিচালিত করতে শেখায়।

প্রকৃত সফলতার অন্যতম একটি দিক হলো, জীবনের সর্বক্ষেত্রে নিরাপত্তা ও প্রশান্তি অর্জন করা। মহান আল্লাহ বলেন, ‘যারা ইমান এনেছে এবং নিজেদের ইমানকে জুলুমের সঙ্গে মিশ্রিত করেনি, তাদের জন্যই রয়েছে নিরাপত্তা এবং তারাই সঠিক পথপ্রাপ্ত।’ (সুরা আনআম ৮২)

এটি এমন ইমান, যা বান্দাকে মহান আল্লাহর সঙ্গে সম্পর্ক দৃঢ় করতে, তার বিধানকে শক্তভাবে আঁকড়ে ধরতে এবং রাসুলুল্লাহ (সা.)-এর সুন্নাহ অনুসরণ করতে উদ্বুদ্ধ করে। জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহর শরিয়তকে প্রাধান্য দেওয়া এই ইমানের দাবি। মহান আল্লাহ বলেন, ‘মুমিনদের যখন তাদের মধ্যে ফয়সালা করার জন্য আল্লাহ ও তার রাসুলের দিকে ডাকা হয়, তখন তাদের কথা তো এই যে, তারা বলে, আমরা শুনলাম এবং মেনে নিলাম। আর তারাই সফলকাম।’ (সুরা নুর ৫১)

এটি এমন ইমান, যা মানুষকে আল্লাহর একত্ববাদ প্রতিষ্ঠা করতে উদ্বুদ্ধ করে। এ ক্ষেত্রে এ উম্মতের পূর্বসূরি সাহাবায়ে কেরাম এবং তাদের অনুসারীদের আদর্শ অনুসরণ করতে হয়। ইবাদত হতে হবে একমাত্র আল্লাহর জন্য নিবেদিত। তাওহিদের বিশুদ্ধ বিশ্বাসের পরিপন্থী সব ধরনের কাজ ও বিশ্বাস থেকে দূরে থাকতে হবে। আল্লাহর কিতাব তাওহিদের যে শিক্ষা দিয়েছে এবং রাসুলুল্লাহ (সা.)-এর সুন্নাহ তাওহিদের যে ব্যাখ্যা তুলে ধরেছে, তা যথাযথভাবে অনুসরণ করতে হবে।

একদল মানুষ রয়েছে, যারা পার্থিব স্বার্থ ও সুযোগ-সুবিধাকেই জীবনের লক্ষ্য নির্ধারণ করে। এ ক্ষেত্রে তারা মহান আল্লাহর বিধান ও তার রাসুলের আদর্শ মেনে চলার কোনো পরোয়া করে না। তাদের সম্পর্কে রাসুলুল্লাহ (সা.) কঠিন সতর্কবাণী উচ্চারণ করেছেন।

৬ নভেম্বর শুক্রবার, মসজিদে নববিতে প্রদত্ত জুমার খুতবা। সংক্ষিপ্ত অনুবাদ করেছেন আইনাল হক

সর্বশেষ সর্বাধিক পঠিত