বগুড়ার উন্নয়নে ২ হাজার ৭০০ কোটি টাকার প্রকল্প একনেকে অনুমোদিত হয়েছে। জেলার সাতটি সংসদীয় আসনে সমানভাবে এ প্রকল্পের বরাদ্দ বণ্টন করা হবে। পাশাপাশি করতোয়া নদী খনন ও সিরাজগঞ্জ-বগুড়া রেলপথের উদ্বোধন করতে শিগগিরই বগুড়া সফরে আসবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বগুড়ার উন্নয়ন ঘাটতি পূরণে সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি।
গতকাল বৃহস্পতিবার বগুড়ায় পৃথক দুটি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সকাল ১০টায় করতোয়া কনভেনশন সেন্টারে দৈনিক বগুড়ার প্রতিষ্ঠাবার্ষিকী এবং দুপুরে বগুড়া টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির অভিষেক অনুষ্ঠানে বক্তব্য দেন প্রতিমন্ত্রী।
দৈনিক বগুড়ার প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, বগুড়া উন্নয়ন কর্র্তৃপক্ষ গঠনের বিষয়টি ইতিমধ্যে জাতীয় সংসদে উত্থাপন করা হয়েছে। এটি পাস হলে জেলায় নতুন কর্মসংস্থানের ব্যাপক সুযোগ সৃষ্টি হবে। বগুড়ার সুনাম ক্ষুণœ হয়, এমন কোনো কাজ করা যাবে না। উন্নয়নের স্বার্থে সবাইকে বিভেদ ভুলে ঐক্যবদ্ধ থাকতে হবে।
দুপুরে বগুড়া টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির অনুষ্ঠানে স্থানীয় সরকার ব্যবস্থা শক্তিশালী করতে স্বনির্ভর গ্রাম সরকার পদ্ধতি পুনঃপ্রবর্তনের উদ্যোগের কথা জানান মীর শাহে আলম। তিনি বলেন, মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৭৬ সালে গ্রাম সরকার প্রতিষ্ঠা করেছিলেন। পরে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ২০০৩ সালে এটি পুনঃপ্রতিষ্ঠা করেন, যার কার্যক্রম শুরু হয় ২০০৬ সালে। পরবর্তী সময়ে এ আইন বাতিল করা হয়। বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান আবারও গ্রাম সরকার আইন পুনঃপ্রবর্তনের নির্দেশনা দিয়েছেন।