পবিত্র জুমার দিনে মৃত্যুর মর্যাদা

আপডেট : ১৩ নভেম্বর ২০২৬, ১২:৩৭ পিএম

মুসলিম উম্মাহর জন্য পবিত্র জুমার দিনকে সপ্তাহের শ্রেষ্ঠ বা ঈদের দিন হিসেবে গণ্য করা হয়। পবিত্র কুরআনে সূরা জুমায় বলা হয়েছে, ‘হে মুমিনগণ, যখন জুমার দিনে সালাতের জন্য আহ্বান করা হয়, তখন তোমরা আল্লাহর স্মরণের দিকে ধাবিত হও। আর বেচাকেনা বর্জন করো। এটাই তোমাদের জন্য সর্বোত্তম, যদি তোমরা জানতে’ (সুরা জুমা, আয়াত: ৯)।

জুমার দিনে মৃত্যুর বিষয়ে পবিত্র কোরাআনে কিছু বলা না থাকলেও হাদিসে উল্লেখ রয়েছে। হাদিসে এই দিনে মৃত্যুবরণকারীকে কবরের ফেতনা ও আজাব থেকে বাঁচার কথা উল্লেখ রয়েছে।

শুক্রবার মারা গেলে জান্নাতের দরজা খুলে দেওয়া হয় কিংবা সরাসরি বিনা হিসাবে জান্নাতে চলে যাবেন, এ মর্মে কুরআন ও হাদিসের কোথাও কোনো দলিল খুঁজে পাওয়া যায়নি। তবে কবরের আজাব থেকে বাঁচার ব্যাপারে হাদিস বর্ণিত হয়েছে।

আবদুল্লাহ ইবনে উমর (রা.) বর্ণনা করেন, আল্লাহর রাসুল (সা.) বলেছেন,‘যে মুসলমান জুমার দিনে কিংবা জুমার রাতে মৃত্যুবরণ করবে, নিশ্চয় আল্লাহ তাআলা তাকে কবরের ফেতনা থেকে বাঁচিয়ে রাখবেন। (তিরমিজি, হাদিস: ১০৯৫; মিশকাত, হাদিস : ১৩৬৭; মুসনাদে আহমদ, হাদিস : ১১/১৪৭)

উপর্যুক্ত হাদিসের আলোকে ইসলামি স্কলারগণ বলে থাকেন যে শুক্রবারে মৃত্যুবরণ করলে বিনা হিসেবে জান্নাত বা কিয়ামত পর্যন্ত কবরের আজাব মাফ এ কথা বলার কোনো সুযোগ নেই।

এ সম্পর্কে মুল্লা আলী কারী (রহ.) বলেন, জুমার দিনে বা রাতে যে মারা যাবে, তার থেকে কবরের আজাব উঠিয়ে নেওয়া হবে এটা মোটামুটি প্রমাণিত। তবে কিয়ামত পর্যন্ত আজাব আর ফিরে আসবে না এ কথার কোনো ভিত্তি আমার জানা নেই। (মিনাহুর রাওদিল আযহার ফি শরহি ফিকহিল আকবার, পৃষ্ঠা : ২৯৫-২৯৬)

বোঝা যাচ্ছে, শুক্রবার দিনে অথবা বৃহস্পতিবার দিবাগত রাত থেকে নিয়ে শুক্রবার সন্ধ্যার আগ পর্যন্ত এই সময়ে মধ্যে কোনো মুসলিম ব্যক্তির মৃত্যু হলে সেক্ষেত্রে আল্লাহ তায়ালা তাকে বিশেষ মর্যাদা দিয়ে থাকেন। অর্থাৎ তাকে কবরের আজাব থেকে ফেতনা থেকে মুক্তি লাভ করিয়ে থাকেন।

আর স্বাভাবিকতই কেউ যদি কবরের অজাব থেকে মুক্তি লাভ করেন, তাহলে কিয়ামতের দিনের হাশরের মাঠে হিসাব-নিকাশ তার জন্য সহজ হয়ে যাবে বলেও আশা করা যায়।

এই সম্পর্কে উসমান ইবনে আওফান (রা.) থেকে বর্ণিত হাদিসে রাসুল (সা.) বলেন, ‘কবর হলো আখিরাতের ঘাঁটিগুলোর মধ্যে প্রথম ঘাঁটি। এই ঘাঁটিতে যদি কারও জন্য প্রশ্নোত্তর সহজ করে দেওয়া হয়, এই ঘাঁটিতে যদি কেউ কোনো বড় বিপদে না পড়েন অর্থাৎ সহজেই পার পেয়ে যান- তাহলে পরবর্তী ধাপগুলো ও তিনি সহজেই উত্তীর্ণ হতে পারবেন, সেই আশা করা যায়। (সূত্র : শায়খ নাসিরুদ্দিন আলবানি (রহ.); আহকামুল জানাইজ, পৃষ্ঠা : ৫০; বঙ্গানুবাদ মিশকাত, হাদিস : ১২৫)

হাদিসে আরওেউল্লেখ রয়েছে যে ‘আর যদি কবরের ঘাঁটি কারও জন্য কঠিন হয়ে যায়, তাহলে পরবর্তী যে ধাপগুলো রয়েছে সেগুলো আরও কঠিন হবে।’ (তিরমিজি, হাদিস : ২৩০৮)

এই হাদিসগুলোর আলোকে বুঝা যায়, জুমার দিনে কারও মৃত্যু হলে-সেটা নিঃসন্দেহে একটি ভালো বা শুভ সংকেত। অর্থাৎ বলা যায় সেই ব্যক্তি ভালো দিনে মারা গেছেন এবং এর ফলে তার আখিরাতের প্রতিটি ধাপ তার জন্য সহজ হবে আশা করা যায়।

তবে একটি কথা মনে রাখতে হবে, আমরা নিশ্চিত করে বলতে পারি না যে জুমার দিনে কেউ মারা গেলে তিনি সরাসরি জান্নাতে যাবেন এবং তার কবর আজাব কেয়ামত পর্যন্ত বন্ধ থাকবে। তবে সেই মৃত ব্যক্তির জন্য সুধারণা রাখা ভালো।

সর্বশেষ সর্বাধিক পঠিত