মাইক্রোসফট বিভ্রাটে দিল্লিতে একাধিক ফ্লাইট বিপর্যয়

তবে ঠিক কী কারণে এই বিপর্যয় ঘটেছে, তা এখনো স্পষ্ট করেনি মাইক্রোসফট। 

আপডেট : ১৩ নভেম্বর ২০২৬, ০৩:৫২ পিএম

বিশ্বজুড়ে মাইক্রোসফটের প্রযুক্তিগত বিপর্যয়ের প্রভাব পড়েছে ভারতের বিমান চলাচলেও। এ ঘটনায় দিল্লি থেকে তিনটি ফ্লাইট বাতিল করেছে দেশটির বিমান সংস্থা স্পাইসজেট। এ ছাড়া আরও দুটি ফ্লাইটের যাত্রা বিলম্বিত হয়েছে। অন্য বিমান সংস্থাগুলোও যাত্রীদের ভ্রমণের আগে ফ্লাইটের সর্বশেষ অবস্থা যাচাই করে নেওয়ার পরামর্শ দিয়েছে। খবর আনন্দবাজার। 

শুক্রবার (১৩ নভেম্বর) সকালে দিল্লি থেকে পুনে, লেহ ও মুম্বাইগামী স্পাইসজেটের তিনটি ফ্লাইট বাতিল করা হয়। একই সঙ্গে দিল্লি থেকে দরভাঙ্গা ও মুম্বাইগামী সংস্থাটির আরও দুটি ফ্লাইটের যাত্রা বিলম্বিত হয়।

এদিকে এয়ার ইন্ডিয়া জানিয়েছে, মাইক্রোসফটের প্রযুক্তিগত বিভ্রাটের বিষয়টি তারা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। তবে এখন পর্যন্ত তাদের বিমান চলাচলে এর কোনো প্রভাব পড়েনি। সংস্থাটির যোগাযোগব্যবস্থাও স্বাভাবিক রয়েছে।

যাত্রীদের ইমেইল সেবা নির্বিঘ্ন রাখতে সাময়িকভাবে ইমেইল ট্রাফিকের পথ পরিবর্তন করা হয়েছে বলে জানিয়েছে এয়ার ইন্ডিয়া। পাশাপাশি নির্ধারিত ২৪ ঘণ্টার মধ্যেই ইমেইলের জবাব দেওয়া হচ্ছে বলেও জানিয়েছে সংস্থাটি।

অন্যদিকে ইন্ডিগো, আকাশ এয়ার ও দিল্লি বিমানবন্দর কর্তৃপক্ষও যাত্রীদের জন্য বিশেষ সতর্কবার্তা জারি করেছে। ভ্রমণের আগে সংশ্লিষ্ট ফ্লাইটের সময়সূচি ও সর্বশেষ অবস্থা যাচাই করে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) থেকে বিশ্বজুড়ে মাইক্রোসফটের আউটলুক, টিমসসহ বিভিন্ন সেবায় বড় ধরনের প্রযুক্তিগত বিপর্যয় দেখা দেয়। এতে ইমেইল ব্যবহার থেকে শুরু করে প্রতিষ্ঠানটির বিভিন্ন অ্যাপ ও অনলাইন সেবা ব্যবহারে সমস্যায় পড়েন বহু গ্রাহক।

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনের রেডমন্ডভিত্তিক প্রযুক্তি প্রতিষ্ঠানটি জানিয়েছে, মূলত ইমেইল সেবা ও টিমস অ্যাপের সমস্যাগুলো নিয়ে তদন্ত চলছে। উত্তর ও দক্ষিণ আমেরিকার বিভিন্ন অঞ্চলে এক্সচেঞ্জ অনলাইনের মেইলবক্স ব্যবহারে গ্রাহকদের সমস্যার বিষয়টি তারা জানতে পেরেছে।

তবে ঠিক কী কারণে এই বিপর্যয় ঘটেছে, তা এখনো স্পষ্ট করেনি মাইক্রোসফট। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রতিষ্ঠানটির মাইক্রোসফট ৩৬৫ স্ট্যাটাস অ্যাকাউন্ট থেকে জানানো হয়েছে, বিভ্রাটের প্রভাব কমিয়ে দ্রুত সেবা স্বাভাবিক করতে সব ধরনের চেষ্টা চালানো হচ্ছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত