বেলাল খানের মিউজিক্যাল শর্ট ফিল্ম ‘আঁধার রাতের ছায়া’

আপডেট : ১৩ নভেম্বর ২০২৬, ০৪:৪৫ পিএম

দেশের জনপ্রিয় সংগীতশিল্পী বেলাল খানের মিউজিক্যাল শর্ট ফিল্ম ‘আঁধার রাতের ছায়া’ প্রকাশ হয়েছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) অ্যাটলস ক্যাফে নামের একটি ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশ করা হয়। 

মিউজিক্যাল শর্ট ফিল্মের গানের কথা লিখেছেন সালাম সরকার ও সুর করেছেন সোহেল অটল। যৌথভাবে গানটির সংগীতায়োজন করেছেন সুমন কল্যাণ ও সোহেল অটল। মিউজিক্যাল শর্ট ফিল্মটির ভিডিও পরিচালনাও করেছেন সোহেল অটল।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, প্রচলিত মিউজিক ভিডিওর বাইরে গিয়ে পূর্ণাঙ্গ চলচ্চিত্রের আবহ ও গল্পনির্ভর শর্ট ফিল্ম 'আঁধার রাতের ছায়া'। তারা আরও জানিয়েছেন, এই প্রযোজনার অন্যতম বিশেষত্ব হলো, এর দৃশ্য নির্মাণে ব্যবহার করা হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি। এআইয়ের সহায়তায় মিউজিক্যাল ফিল্মের বিভিন্ন ফুটেজ তৈরি করা হয়েছে। গল্পের আবহ, চরিত্রের উপস্থিতি, দৃশ্যের বিন্যাস ও সিনেমাটিক উপস্থাপনায় প্রযুক্তিটির ব্যবহার প্রযোজনাটিকে দিয়েছে ভিন্নমাত্রা।

এ প্রসঙ্গে শিল্পী বেলাল খান বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা সৃষ্টিশীল চিন্তাকে কাজে রূপান্তরের যে অভাবনীয় সুযোগ তৈরি করে দিয়েছে, তার সর্বোচ্চ ব্যবহার করার সময় এখন। এই গানটির ভিজুয়াল তৈরিতে কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তা নেওয়া হয়েছে। এখন মানুষ এবং এআই’র যুগলবন্ধন সৃষ্টিশীলতাকে গতি দিচ্ছে।

গান সম্পর্কে শিল্পী বেলাল খান বলেন, দারুণ মিষ্টি প্রেমের গান। গীতিকার সালাম সরকারও বেশ ভালো লিখেছেন। দারুণ সুর করেছেন সোহেল অটল। সুমন কল্যাণের মতো পেশাদার মিউজিশিয়ানের তত্ত্বাবধানে গানটি পরিবেশনযোগ্য হয়ে উঠেছে। আশা করছি সবার ভালো লাগবে।

 

 

 

সর্বশেষ সর্বাধিক পঠিত