পাবনায় পাঁচ ইটভাটাকে ১৯ লাখ ৫০ হাজার টাকা জরিমানা

আপডেট : ১৪ নভেম্বর ২০২৬, ০৫:০০ এএম

পাবনা সদর উপজেলায় পরিবেশ আইন লঙ্ঘন করে অবৈধভাবে ইট প্রস্তুত এবং ইট পোড়ানোর কাজে জ্বালানি কাঠ ব্যবহারের দায়ে পাঁচটি ইটভাটায় অভিযান চালিয়েছে স্পেশাল ম্যাজিস্ট্রেট আদালত (পরিবেশ) ও পরিবেশ অধিদপ্তর। অভিযানে বিভিন্ন অনিয়মের অভিযোগে ভাটাগুলোকে মোট ১৯ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার পুরো অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।

শুক্রবার (১৩ নভেম্বর ২০২৬) দিনব্যাপী এ যৌথ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শিহাব উদ্দিন। এ সময় প্রসিকিউশনের দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তরের পাবনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. ইউসুফ আলী এবং পরিদর্শক মো. আব্দুল মমিন।

পরিবেশ অধিদপ্তর জানায়, ইটভাটাগুলোতে দীর্ঘদিন ধরে আইন অমান্য করে ফসলি জমির মাটি ব্যবহার করা হচ্ছিল। পাশাপাশি ইট পোড়ানোর কাজে জ্বালানি কাঠ ব্যবহার করা হচ্ছিল। এসব অপরাধের দায়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে পাঁচটি ইটভাটাকে মোট ১৯ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয় এবং তা আদায় করা হয়।

অভিযান চলাকালে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও সার্বিক সহযোগিতা প্রদান করে পাবনা জেলা পুলিশ, আনসার এবং ফায়ার সার্ভিসের সদস্যরা।

পরিবেশ অধিদপ্তরের পাবনা জেলা কার্যালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, পরিবেশ রক্ষায় অবৈধ ইটভাটা এবং পরিবেশ দূষণকারী কর্মকাণ্ডের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সর্বশেষ সর্বাধিক পঠিত