শিশুদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলার পরামর্শ মন্ত্রীর

শিক্ষার্থীরা স্কুলের কথা বলে পার্কে গিয়ে সময় নষ্ট করছে কি না, সে বিষয়ে অভিভাবকদের নজর রাখতে হবে।

আপডেট : ১৪ নভেম্বর ২০২৬, ১২:৩৫ এএম

শিশুদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলাও করতে হবে। পড়াশোনার মাধ্যমে তাদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে অভিভাবকদের সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন সমাজকল্যাণ এবং নারী ও শিশু বিষয়ক মন্ত্রী ডা. জাহিদ হোসেন।

তিনি বলেন, শিক্ষা প্রতিষ্ঠানের কথা বলে বের হয়ে শিক্ষার্থীরা পড়াশোনা ফাঁকি দিয়ে পার্কে গিয়ে সময় নষ্ট করছে কি না, সেদিকে অভিভাবকদের খেয়াল রাখতে হবে। এ জন্য শিক্ষক ও শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে অভিভাবকদের নিয়মিত যোগাযোগ রাখা প্রয়োজন। শিশুদের সুনাগরিক হিসেবে গড়ে তোলার দায়িত্ব শুধু প্রশাসন বা শিক্ষা প্রতিষ্ঠানের ওপর ছেড়ে দিলে চলবে না। সন্ধ্যার পর শিশুরা বাড়ি ফিরে পড়াশোনা করছে কি না, সেটিও অভিভাবকদের নজরে রাখতে হবে।

শুক্রবার (১৩ নভেম্বর) বিকেল ৪টায় বিরামপুর উপজেলা অডিটরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় সমতলে বসবাসরত শিক্ষার্থীদের মধ্যে শিক্ষাবৃত্তি ও বাইসাইকেল বিতরণ, নারীদের মধ্যে সেলাই মেশিন বিতরণ এবং কৃষি প্রণোদনার আওতায় সরিষার বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়। এ ছাড়া জব ফেয়ার-২০২৬-এ নির্বাচিত ২০০ জনের হাতে নিয়োগপত্র তুলে দেওয়া হয়।

বিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিনা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুল আউয়াল। এতে বক্তব্য দেন জেলা প্রশাসক রফিকুল ইসলাম, জেলা বিএনপির সহসভাপতি আতিকুর রহমান রাজা ও তোছাদ্দেক হোসেন তোছা, উপজেলা বিএনপির সভাপতি মিয়া শফিকুল আলম মামুন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজু ও অন্যান্যরা।

অনুষ্ঠানে বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ. রাজ্জাক, সহকারী কমিশনার (ভূমি) মিজ নাজিয়া নওরীন, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা, জনপ্রতিনিধি, সুধীজন এবং উপকারভোগীরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ সর্বাধিক পঠিত