ইরানের পরমাণু স্থাপনা নিয়ে বাড়ছে জাতিসংঘের উদ্বেগ

ইরানের একটি পরমাণু স্থাপনায় প্রবেশের অনুমতি পাচ্ছে না জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষক সংস্থা। সেখানে পারমাণবিক উপাদান রয়েছে কি না, তা-ও নিশ্চিত হতে পারছে না সংস্থাটি।

আপডেট : ১৪ নভেম্বর ২০২৬, ১২:৫২ এএম

ইরানের একটি পরমাণু স্থাপনা পরিদর্শনের অনুমতি না পাওয়ায় ক্রমেই উদ্বিগ্ন হয়ে উঠছে জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষক সংস্থা। স্থাপনাটির সঠিক অবস্থান এবং সেখানে পারমাণবিক উপাদান রয়েছে কি না, সে সম্পর্কেও নিশ্চিত কোনো তথ্য নেই আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) কাছে। খবর বিবিসি।

গত বছরের জুনে ইসরায়েল ইরানের পরমাণু স্থাপনাগুলোতে হামলা শুরুর এক দিন আগে ইরানের শহর ইসফাহানে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র স্থাপনের পরিকল্পনার কথা আইএইএকে জানিয়েছিল তেহরান। ওই মাসের শেষ দিকে যুক্তরাষ্ট্রও ইসরায়েলের সঙ্গে হামলায় যোগ দেয়।

সংবাদ সংস্থাগুলোর হাতে আসা আইএইএর এক প্রতিবেদনে বলা হয়েছে, স্থাপনাটির সঠিক অবস্থান কোথায়, তা সংস্থাটি জানে না। এমনকি সেখানে পারমাণবিক উপাদান রয়েছে কি না, সে বিষয়েও নিশ্চিত নয় তারা।

সর্বশেষ যুদ্ধ শুরুর পর থেকে ইরান তার পরমাণু স্থাপনাগুলোতে আইএইএর পরিদর্শকদের প্রবেশ সীমিত করে দিয়েছে। ফলে দেশটির সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুতের পরিমাণ যাচাই করতে পারছে না সংস্থাটি।

২০১৫ সালের পারমাণবিক চুক্তি অনুযায়ী, ইরান তার সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত ৩০০ কেজির মধ্যে এবং সমৃদ্ধকরণের মাত্রা ৩ দশমিক ৬৭ শতাংশ বিশুদ্ধতায় সীমাবদ্ধ রাখতে সম্মত হয়েছিল। তবে পরবর্তী সময়ে দেশটি এই দুই সীমাই অতিক্রম করে।

২০২৫ সালের জুনে হামলার আগে ইরানের কাছে আনুমানিক ৪৪১ কেজি ইউরেনিয়াম মজুত ছিল, যা ৬০ শতাংশ পর্যন্ত সমৃদ্ধ করা হয়েছিল। এই মাত্রা পারমাণবিক অস্ত্র তৈরির উপযোগী পর্যায়ের কাছাকাছি।

ইসফাহানের পরমাণু স্থাপনাটি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। বিশেষ করে স্থাপনাটির ভূ-উপরিভাগের অংশগুলো বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে ভূগর্ভস্থ স্থাপনাগুলোর বর্তমান অবস্থা কী, তা এখনো স্পষ্ট নয়।

আইএইএর ধারণা, ইরানের উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের বড় একটি অংশ ওই স্থাপনাতেই সংরক্ষিত ছিল।

সর্বশেষ প্রতিবেদনে আইএইএ বলেছে, ইরানের পারমাণবিক উপাদান সম্পর্কে সংস্থাটির কাছে পর্যাপ্ত তথ্য না থাকা এবং সেগুলো যাচাইয়ের জন্য স্থাপনাগুলোতে প্রবেশ করতে না পারা পারমাণবিক অস্ত্র বিস্তারের ক্ষেত্রে গুরুতর উদ্বেগের বিষয়। সংস্থাটি আরও বলেছে, এ পরিস্থিতির জরুরি ভিত্তিতে সমাধান প্রয়োজন।

২০২৫ সালের ১২ জুন ইরান ইসফাহান ফুয়েল এনরিচমেন্ট প্ল্যান্ট (আইএফইপি) স্থাপনের পরিকল্পনার ঘোষণা দেয়। এর কিছুক্ষণ আগেই আইএইএর একটি প্রস্তাবে বলা হয়েছিল, ইরান পারমাণবিক নিরাপত্তা-সংক্রান্ত বাধ্যবাধকতা পূরণে ব্যর্থ হয়েছে।

প্রাথমিকভাবে ইরান ওই স্থাপনা পরিদর্শনের জন্য আইএইএর পরিদর্শকদের অনুমতি দিতে সম্মত হয়েছিল। কিন্তু পরদিনই ইসরায়েল হামলা শুরু করায় পরিদর্শন কার্যক্রম বাতিল করা হয়।

ইরানের প্রতি আইএইএর সর্বশেষ আহ্বান এসেছে প্রায় এক বছর আগে একই ধরনের আবেদন জানানোর পর। সে সময় সংস্থাটি জানিয়েছিল, হামলায় ক্ষতিগ্রস্ত হয়নি এমন ১৩টি পরমাণু স্থাপনার মধ্যে মাত্র কয়েকটি পরিদর্শন করতে পেরেছে তারা। অন্যদিকে হামলায় ক্ষতিগ্রস্ত সাতটি স্থাপনার কোনোটিই পরিদর্শন করতে পারেনি।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েল দাবি করে আসছে, ইরান যাতে পারমাণবিক অস্ত্র তৈরি করতে না পারে, সে লক্ষ্যেই দেশটির পরমাণু স্থাপনাগুলোতে হামলা চালানো হয়েছে। তবে ইরান বরাবরই পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করার অভিযোগ অস্বীকার করে আসছে। তেহরানের দাবি, তাদের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ এবং বেসামরিক ব্যবহারের জন্য পরিচালিত হচ্ছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত