যৌক্তিক মজুরি নির্ধারণ, মামলা প্রত্যাহার ও উৎপাদন সচল রাখার দাবিতে পোশাকশ্রমিক সংগঠনগুলো যৌথ সংবাদ সম্মেলন করেছে। গতকাল শুক্রবার রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) শফিকুল কবির মিলনায়তনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সময় শ্রমিকদের উসকানি পরিহার ও সরকারের প্রতি তিন দফা দাবি জানিয়েছেন শ্রমিক নেতারা।
সংবাদ সম্মেলনের আয়োজক সংগঠনের মধ্যে ইন্ডাস্ট্রিয়াল বাংলাদেশ কাউন্সিল (আইবিসি), গার্মেন্টস শ্রমিক ঐক্য পরিষদ, গার্মেন্টস শ্রমিক শিল্প রক্ষা জাতীয় মঞ্চ, বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ঐক্য পরিষদ এবং গার্মেন্টস শ্রমিক পরিষদসহ অন্যান্য শ্রমজীবী সংগঠনসমূহ।
সংবাদ সম্মেলনে শ্রমিকদের আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে মজুরি বোর্ডের কার্যক্রম সচল রাখা, মাঠপর্যায়ের বাস্তবতার নিরিখে যৌক্তিক মজুরি নির্ধারণ, মামলা প্রত্যাহার ও গ্রেপ্তারকৃত শ্রমিকদের মুক্তির দাবিসংবলিত একটি যৌথ বক্তব্য উপস্থাপন করা হয়।
একই সঙ্গে সরকার ও প্রশাসনের প্রতি প্রধানত তিনটি দাবি উত্থাপন করা হয়। এর মধ্যে রয়েছে চলতি আন্দোলনকেন্দ্রিক যেসব ট্রেড ইউনিয়ন কর্মী এবং সাধারণ শ্রমিকদের হয়রানি ও গ্রেপ্তার করা হয়েছে, তাদের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার করে দ্রুত মুক্তি দেওয়া। আন্দোলনে আহত শ্রমিকদের সুচিকিৎসার ব্যবস্থা করা এবং কারখানায় ভাঙচুরের ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের বিরুদ্ধে আইনিব্যবস্থা নেওয়া।
সংবাদ সম্মেলনে বলা হয়, নভেম্বর ও ডিসেম্বর মাস তৈরি পোশাক খাতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল সময়। এ সময়ে শিল্পের উৎপাদন ব্যাহত হলে খাতে মারাত্মক বিপর্যয় ঘটবে, যা সরাসরি এ শিল্পের ওপর নির্ভরশীল ৪০ লাখ শ্রমিকের জীবন-জীবিকা ও ভাগ্যের ওপর প্রভাব ফেলবে। তাই শিল্পের চাকা সচল রাখতে শ্রমিকদের সর্বোচ্চ সতর্ক, ধৈর্যশীল ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়, যাতে তাদের প্রাণের দাবির প্রতি জনমনে কোনো নেতিবাচক ধারণার সৃষ্টি না হয়।