পটুয়াখালীর দুমকিতে ১০০ গ্রাম গাঁজা, মাদক বিক্রির ১ হাজার ৭০০ টাকা ও একটি মোটরসাইকেলসহ মো. আল আমিন চাকলাদার (৩০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (১৩ নভেম্বর) রাত ৮টা ১০ মিনিটের দিকে উপজেলার মুরাদিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের উত্তর চরগরবদী এলাকায় মুজিবর রহমান ফকির কমিউনিটি ক্লিনিকের সামনে ইটের রাস্তা থেকে তাকে আটক করা হয়।
পুলিশ জানায়, বিশেষ মাদকবিরোধী অভিযান চলাকালে গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালানো হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে আল আমিনকে আটক করা হয়। পরে তাঁর দেহ তল্লাশি করে প্যান্টের ডান পকেট থেকে ১০০ গ্রাম গাঁজা এবং বাম পকেট থেকে মাদক বিক্রির ১ হাজার ৭০০ টাকা উদ্ধার করা হয়। এ ছাড়া মাদক পরিবহনে ব্যবহৃত কালো-নীল রঙের ১০০ সিসির একটি বাজাজ ডিসকভার মোটরসাইকেল জব্দ করা হয়। মোটরসাইকেলটির নিবন্ধন নম্বর পটুয়াখালী-হ-১১-২৭১৫।
গ্রেপ্তার আল আমিন উপজেলার মুরাদিয়া ইউনিয়নের সন্তোষদী গ্রামের মৃত ইউনুচ চাকলাদারের ছেলে।
এ ঘটনায় দুমকি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১৯(ক) ও ৩৮ ধারায় মামলা হয়েছে। মামলার নম্বর ১৩, তারিখ ১৩ নভেম্বর ২০২৬। একই তারিখে মামলাটি জিআর ১১৬ নম্বরে নথিভুক্ত করা হয়েছে।
দুমকি থানার অফিসার ইনচার্জ মো: সেলিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিৎ করে জানান, ধৃত আসামিকে দায়েরকৃত মামলায় গ্রেফতার দেখিয়ে শনিবার কোর্টে প্রেরণ করা হবে।