নিজেকে ‘বাংলাদেশ নন-পলাতক আওয়ামী লীগ’-এর সভাপতি দাবি করে ভাইরাল হওয়া সেই আইনজীবী এম কামাল উদ্দিনকে আটক করা হয়েছে।
শুক্রবার রাত দেড়টার দিকে চট্টগ্রােমর কর্ণফুলী উপজেলার সিডিএ টেক এলাকা থেকে তাকে আটক করা হয়।
পুলিশ জানায়, রাতে সিডিএ টেক এলাকার একটি ভাড়া বাসায় অবস্থান করছিলেন এম কামাল উদ্দিন। খবর পেয়ে স্থানীয় জনতা ওই বাসা ঘেরাও করে তাকে আটক করে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে থানায় নিয়ে যায়।
আটক এম কামাল উদ্দিন বাংলাদেশ সুপ্রিম কোর্টের একজন আইনজীবী। এর আগে তিনি আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (আইআইইউসি) প্যানেল আইনজীবী হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
গত অক্টোবরে আত্মগোপনে থাকা আওয়ামী লীগ নেতাদের সমালোচনা করে এবং ‘বাংলাদেশ নন-পলাতক আওয়ামী লীগ’ নামে একটি কমিটি গঠনের ঘোষণা দিয়ে তিনি ব্যাপক আলোচনায় আসেন। নিজেকে ওই কমিটির সভাপতি দাবি করে দেওয়া তার বক্তব্যের ভিডিও ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়।
এ বিষয়ে কর্ণফুলী থানার সেকেন্ড অফিসার তীথংকর দাশ জানান, স্থানীয় জনতা তাকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন। বর্তমানে তিনি থানা হেফাজতে রয়েছেন এবং তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন।