বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে শনিবার (১৪ নভেম্বর) রাজধানীর হাতিরঝিলে অনুষ্ঠিত হয়েছে বিশেষ রানিং ইভেন্ট ‘এমলিনো ডায়াবিট রান’। সচেতনতা ও সক্রিয় জীবনযাপনের মাধ্যমে ডায়াবেটিস প্রতিরোধের বার্তা ছড়িয়ে দিতে আয়োজিত এ অনুষ্ঠানে অংশ নেন বিভিন্ন বয়স ও শ্রেণি-পেশার হাজারো মানুষ।
দেশের শীর্ষস্থানীয় ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান দি এক্মি ল্যাবরেটরিজ লিমিটেডের ডায়াবেটিক পোর্টফোলিও ‘এক্মি’স ডায়াকেয়ার’-এর উদ্যোগে এ আয়োজন করা হয়। এতে বিভিন্ন রানিং কমিউনিটির সদস্যরাও কমিউনিটি পার্টনার হিসেবে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
অংশগ্রহণকারীদের উৎসাহ দিতে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের ম্যানেজিং ডিরেক্টর তাসনিম সিনহা, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর সাবরিনা জুনেদ, ডিরেক্টর মতিউর রহমান সিনহা, এক্সিকিউটিভ ডিরেক্টর (সেলস অ্যান্ড ডিস্ট্রিবিউশন) মো. ফেরদৌস খান, ডিরেক্টর (সেলস) গোবিন্দ গোস্বামী, হেড অব মার্কেটিং মোহাম্মদ জিয়াউদ্দিন, এক্সিকিউটিভ ডিরেক্টর (ইন্টারন্যাশনাল বিজনেস) মো. হুমায়ুন কবির, এক্সিকিউটিভ ডিরেক্টর (প্ল্যান্ট অপারেশনস) ড. সৈয়দ এ এম মুস্তাফিজ বিল্লাহ এবং এক্সিকিউটিভ ডিরেক্টর (এইচআর অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন) এ. কে. এম. মশিউর রহমান খান প্রমুখ।
এ বছরের বিশ্ব ডায়াবেটিস দিবসের প্রতিপাদ্য ‘টেক আর্লি অ্যাকশন অন ডায়াবেটিস’ সামনে রেখে সাজানো হয় পুরো আয়োজন। ডায়াবেটিস শনাক্ত হওয়ার পর নিয়ন্ত্রণের পাশাপাশি রোগটি হওয়ার আগেই সঠিক জীবনযাপন ও নিয়মিত শরীরচর্চার মাধ্যমে প্রতিরোধের গুরুত্ব তুলে ধরা হয় এতে।
অনুষ্ঠানে ডায়াবেটিস প্রতিরোধ, প্রাথমিক পর্যায়ে সঠিক পদক্ষেপ গ্রহণ এবং সুস্থ জীবনযাপনের গুরুত্ব নিয়ে সচেতনতামূলক সেশন পরিচালনা করেন হরমোন ও ডায়াবেটিস বিশেষজ্ঞ সহযোগী অধ্যাপক ডা. রুশদা শারমিন বিনতে রউফ। তিনি অংশগ্রহণকারীদের বিভিন্ন দিকনির্দেশনা দেন এবং ডায়াবেটিসের ঝুঁকি কমাতে আগাম সচেতন হওয়ার আহ্বান জানান।
এ ছাড়া অতিথি দৌড়বিদ হিসেবে অংশ নেন দেশের প্রখ্যাত চিকিৎসক ডা. সাকলায়েন রাসেল, ডা. মো. কামরুল হাসান সোহেল, ডা. এ কে এম আহসান উল্লাহ এবং ডা. উজ্জ্বল কুমার মল্লিক। ডায়াবেটিস সচেতনতা, প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা ও সুস্থ জীবনযাপনের চর্চা প্রসারে তাঁদের অংশগ্রহণ আয়োজনটিকে আরও তাৎপর্যপূর্ণ করে তোলে।
মূল দৌড়ের আগে গত ১২ নভেম্বর ঢাকার ইন্টারকন্টিনেন্টাল হোটেলে অনুষ্ঠিত হয় ‘কিট এক্সপো’ ও কিট কালেকশন ডে। সেখানে দৌড়বিদেরা নিজেদের জার্সি ও কিট ব্যাগ সংগ্রহ করেন। এ সময় উচ্চতা ও ওজনের ভারসাম্য পরিমাপের জন্য বডি মাস ইনডেক্স (বিএমআই) চার্ট রাখা হয়। জার্সি সংগ্রহ করতে আসা দৌড়বিদ ও দর্শনার্থীরা এতে আগ্রহ নিয়ে অংশ নেন।
পুরো আয়োজন বাস্তবায়নে কাজ করে এক্মি’স ডায়াকেয়ারের অর্গানাইজিং টিম। বিজনেস ইউনিট হেড মো. মাহবুবুর রহমান, গ্রুপ ইনচার্জ সুব্রত সরকার এবং টিম মেম্বার রুসাত জাহিন আনমোল, উসাইদ মোস্তফা ও মো. ইশতিয়াক হুসাইনের নেতৃত্বে কার্যক্রম পরিচালিত হয়। সার্বিক ব্যবস্থাপনায় ছিল আল্ট্রা ক্যাম্প রানার্স (ইউসিআর)।
আয়োজকদের মতে, ডায়াবেটিসের ঝুঁকি কমাতে শুরু থেকেই সচেতন হওয়া জরুরি। প্রতিদিন কিছুটা সময় হাঁটা বা দৌড়ানোর মতো অভ্যাস গড়ে তোলার মাধ্যমে সুস্থ জীবনযাপনে উৎসাহিত করাই এ উদ্যোগের মূল লক্ষ্য। একটি সুস্থ, কর্মচঞ্চল ও ডায়াবেটিসের ঝুঁকিমুক্ত সমাজ গড়ার প্রত্যয় নিয়ে আয়োজন করা হয় ‘এমলিনো ডায়াবিট রান’।