ভুটান এবারও পারলো না, ১৪তম বার ফাইনালে ভারত

আপডেট : ১৪ নভেম্বর ২০২৬, ০৫:২৭ পিএম
দশম সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জয়ের মিশনে সবার আগে ফাইনালে পা রাখল ভারত। শনিবার ঢাকা জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত উত্তেজনাপূর্ণ প্রথম সেমিফাইনালে ভুটানকে ২-১ গোলে পরাজিত করেছে কোচ নওশাদ মুসার শিষ্যরা। ভারতের হয়ে জালের দেখা পেয়েছেন বিষ্ণু ভিলাপ্পিল এবং সি সিং কনসাম। অন্যদিকে, ভুটানের হয়ে একমাত্র ব্যবধান কমান কিনজ্যাং তাশি তাবদেন।

প্রথমার্ধের আধিপত্য ম্যাচ শুরুর বাঁশি বাজার পরেই আক্রমণে ধার বাড়ায় ভারত। ফলশ্রুতিতে ম্যাচের শুরুতেই সাফল্য পায় তারা। বাঁ প্রান্ত থেকে বল পেয়ে দুর্দান্ত এক ডান পায়ের জোরালো শটে ভুটানের গোলরক্ষক গেইলশেন জাংপোকে পরাস্ত করেন উইঙ্গার বিষ্ণু ভিলাপ্পিল (১-০)।

বিরতির আগে ২৭তম মিনিটে আবারও ব্যবধান দ্বিগুণ করে ভারত। পরপর দুটি কর্নার আদায় করে নেওয়ার পর, দ্বিতীয় কর্নার থেকে ডি-বক্সে বল পেয়ে দারুণ এক ভলিতে লক্ষ্যভেদ করেন সিং কনসাম (২-০)। প্রথমার্ধে ভুটানের অধিনায়ক চেনচো গেইলশেন ও সুহেল আহমেদ ভাট কিছু সুযোগ তৈরি করলেও তা কাজে লাগাতে পারেনি কোনো দলই। ফলে ২-০ গোলের লিড নিয়ে প্রথমার্ধ শেষ করে ভারত।

ভুটানের লড়াই ও ভারতের জয়রক্ষা বিরতির পর ঘুরে দাঁড়ায় ভুটান। দ্বিতীয়ার্ধের শুরুতেই (৪৭ মিনিটে) লেফট উইং থেকে চেনচোর নিখুঁত ক্রসে ফাঁকা পোস্টে হেডের সাহায্যে বল জালে জড়িয়ে ব্যবধান ২-১ করেন ভুটানের কিনজ্যাং তাশি।

ম্যাচের ৫৩ মিনিটে ভুটানের আরেকটি আক্রমণ শঙ্কা জাগালেও গোলরক্ষকের কল্যাণে বেঁচে যায় ভারত। ম্যাচের ৬৪ মিনিটে ভুটানের ডি-বক্সে হ্যান্ডবলের অভিযোগে পেনাল্টির বাঁশি বাজান রেফারি, তবে ভিএআর দেখে পরবর্তীতে সেই সিদ্ধান্ত বাতিল করা হয়।

শেষের দিকে ভুটান সমতায় ফেরার জন্য মরিয়া হয়ে ওঠে এবং বেশ কয়েকটি আক্রমণ চালায়। ৮০ মিনিটে বদলি খেলোয়াড় আব্দুল রাব্বির আক্রমণ এবং ৮৪ মিনিটে সুহেল আহমেদের শট বারে লেগে ফিরে আসলে ব্যবধান আর বাড়েনি। শেষ পর্যন্ত আর কোনো গোল না হওয়ায় ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছেড়ে ফাইনালের টিকিট নিশ্চিত করে ভারত।
 
সাফে ভারতের আধিপত্য অবশ্য নতুন কিছু নয়। এবারসহ ১৫ বার অংশ নিয়ে ১৪ বারই ফাইনালে উঠলো তারা। এর মধ্যে ৯ বার চ্যাম্পিয়ন এবং ৪ বার রানার্সআপ হয়েছে ভারত। ২০০৩ সালে হয়েছিল তৃতীয়। ২০০৯ সালে বাংলাদেশের মাটিতে অলিম্পিক দল নিয়েও চ্যাম্পিয়ন হয়েছিল তারা।
সর্বশেষ সর্বাধিক পঠিত