জরুরি ব্যাংকিং সেবা সচল রাখার সক্ষমতা যাচাই করল ব্র্যাক ব্যাংক

আপডেট : ১৪ নভেম্বর ২০২৬, ০৬:০৭ পিএম

অপ্রত্যাশিত পরিস্থিতিতে গুরুত্বপূর্ণ ব্যাংকিং কার্যক্রম অব্যাহত রাখার সক্ষমতা যাচাইয়ে পূর্বঘোষণা ছাড়াই দ্বিতীয়বারের মতো পূর্ণাঙ্গ বিজনেস কন্টিনিউটি প্ল্যান (বিসিপি) মহড়া সফলভাবে সম্পন্ন করেছে ব্র্যাক ব্যাংক।

গত ৪ নভেম্বর ২০২৬ অনুষ্ঠিত এ মহড়ায় আকস্মিক বিপর্যয়ের পর দ্রুত বিজনেস কন্টিনিউটি ব্যবস্থা চালু এবং নির্ধারিত ডিজাস্টার রিকভারি (ডিআর) সেন্টার থেকে জরুরি ব্যাংকিং সেবা অব্যাহত রাখার সক্ষমতা পরীক্ষা করা হয়। ব্যাংকের অংশগ্রহণকারী বিভাগগুলোকে আগাম কোনো তথ্য না দিয়েই মহড়াটি পরিচালনা করা হয়। ফলে জরুরি পরিস্থিতি মোকাবিলায় ব্যাংকের প্রকৃত প্রস্তুতি যাচাইয়ের সুযোগ তৈরি হয়।

মহড়ার অংশ হিসেবে প্রধান কার্যালয়ের গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের তাৎক্ষণিকভাবে নির্ধারিত ডিজাস্টার রিকভারি সেন্টারে স্থানান্তর করা হয়। সেখানে সংশ্লিষ্ট দলগুলো দিনব্যাপী স্বাভাবিক কার্যক্রমের পাশাপাশি জরুরি ব্যাংকিং সেবাও পরিচালনা করে। কৃত্রিম সংকটময় পরিস্থিতিতেও ব্যাংকের গুরুত্বপূর্ণ ব্যবসায়িক কার্যক্রম ও প্রাতিষ্ঠানিক লেনদেন নিরবচ্ছিন্নভাবে সম্পন্ন হয়।

এ মহড়ায় জরুরি পরিস্থিতিতে তাৎক্ষণিক সিদ্ধান্ত গ্রহণ, নির্ধারিত প্রটোকল অনুসরণ এবং বিভিন্ন বিভাগের মধ্যে সমন্বয়ের সক্ষমতা যাচাই করা হয়। পাশাপাশি বিকল্প স্থান থেকে কার্যক্রম পরিচালনায় জনবল, কর্মপদ্ধতি ও প্রযুক্তিগত অবকাঠামোর প্রস্তুতিও মূল্যায়ন করা হয়।

ব্র্যাক ব্যাংকের রিস্ক ম্যানেজমেন্ট, টেকনোলজি, জেনারেল সার্ভিসেসসহ বিভিন্ন সহায়ক বিভাগ এবং গুরুত্বপূর্ণ ব্যবসায়িক ইউনিটের সমন্বয়ে এ মহড়া অনুষ্ঠিত হয়। এর মাধ্যমে বিভাগগুলোর পারস্পরিক সমন্বয়ের কার্যকারিতা যাচাইয়ের পাশাপাশি ব্যাংকের বিজনেস কন্টিনিউটি কাঠামো আরও শক্তিশালী করার সম্ভাব্য ক্ষেত্রগুলো চিহ্নিত করা হয়েছে।

এ উদ্যোগ প্রসঙ্গে ব্র্যাক ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও তারেক রেফাত উল্লাহ খান বলেন, ‘ব্র্যাক ব্যাংকের কাছে বিজনেস কন্টিনিউটি কেবল নিয়ন্ত্রক সংস্থার বিধিবিধান পরিপালনের বিষয় নয়; এটি আমাদের মৌলিক প্রাতিষ্ঠানিক দায়বদ্ধতা। গ্রাহকদের স্বার্থ সুরক্ষা, অংশীজনদের আস্থা বজায় রাখা এবং যেকোনো পরিস্থিতিতে জরুরি ব্যাংকিং সেবা নিরবচ্ছিন্ন রাখার ক্ষেত্রে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।’

সর্বশেষ সর্বাধিক পঠিত