গোপালগঞ্জে বাসের ধাক্কায় বাইসাইকেল চালক নিহত, বাসে আগুন

আপডেট : ১৪ নভেম্বর ২০২৬, ০৬:৩৮ পিএম

ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার চন্দ্রদিঘলিয়া এলাকায় বাসের ধাক্কায় মহিবুল মোল্লা (৪৫) নামে এক বাইসাইকেল চালক নিহত হয়েছেন। এ সময় আরও ৩ পথচারী মারাত্মক আহত হন। এ ঘটনার জেরে স্থানীয় বিক্ষুব্ধ জনতা খুলনাগামী ফাল্গুনী পরিবহনের ওই এসি বাসটিতে আগুন ধরিয়ে দেয়। নিহত বাইসাইকেল চালক সদর উপজেলার গোয়ালা চন্দ্রদিঘলিয়া গ্রামের বাসিন্দা।

স্থানীয়রা জানায়, আজ শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের সদর উপজেলার চন্দ্রদিঘলিয়া এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী ‘ফাল্গুনী পরিবহনের’ একটি এসি বাসের ধাক্কায় বাইসাইকেল চালক ঘটনাস্থলেই নিহত হন। মারাত্মক আহত হন তিন পথচারী। নিহত মহিবুল চন্দ্রদিঘলিয়া হাট থেকে কেনাকাটা করে বাড়ি ফিরছিলেন। এ সময় তাঁকে বাসটি ধাক্কা দেয়।

এরই জেরে ঢাকা থেকে ছেড়ে আসা ফাল্গুনী পরিবহনের ওই বাসে এলাকার বিক্ষুব্ধ জনতা আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় একজন নিহত হয়েছেন। বিক্ষুব্ধ জনতার ধরিয়ে দেওয়া আগুন নিয়ন্ত্রণে নিয়েছেন ফায়ার সার্ভিসের কর্মীরা।

এদিকে এ ঘটনায় প্রায় দেড় ঘণ্টা ঢাকা-খুলনা মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল।

সর্বশেষ সর্বাধিক পঠিত