দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা ৫৪ হাজার টাকা আত্মসাতের মামলায় দীর্ঘ ২৫ বছরের বেশি সময় পর খালাস পেয়েছেন সাবেক স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা উপমন্ত্রী, বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হকসহ অন্য আসামিরা।
শনিবার (১৪ নভেম্বর) দুপুরে জামালপুর জেলা পরিষদ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বিষয়টি জানান সিরাজুল হক। এর আগে গত ২ নভেম্বর বিশেষ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ তৌফিক আজিজ এ রায় দেন।
সিরাজুল হক বর্তমানে জামালপুর জেলা পরিষদের প্রশাসক এবং বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।
মামলার নথি সূত্রে জানা যায়, ২০০১ সালের ২৫ জুন দুর্নীতি দমন কমিশনের সমন্বিত জেলা কার্যালয়, ময়মনসিংহের উপসহকারী পরিচালক মো. আইয়ুব আলী খান মামলাটি দায়ের করেন। এতে সিরাজুল হকসহ মোট ১১ জনকে আসামি করা হয়।
সংবাদ সম্মেলনে সিরাজুল হক বলেন, বিএনপি সরকারের সময় সংসদ সদস্যদের ঐচ্ছিক তহবিল থেকে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও সামাজিক প্রতিষ্ঠানে আর্থিক সহায়তা দেওয়া হয়েছিল। তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়া তার নির্বাচনী এলাকার আয়তন বিবেচনায় তাকে ৩০ লাখ টাকা বরাদ্দ দেন। ওই অর্থ থেকে বিভিন্ন প্রতিষ্ঠানের নামে ৫০০ থেকে ৬০০টি চেক বিতরণ করা হয়।
তিনি দাবি করেন, বিতরণ করা চেকগুলোর মধ্যে মাত্র ১১টি নিয়ে আপত্তি জানিয়ে দুদক মামলা করে। এসব চেকের মোট অর্থের পরিমাণ ছিল ৫৪ হাজার টাকা। এর মধ্যে ৩০ হাজার টাকা একজনের নামে বয়স্ক শিক্ষা কেন্দ্র স্থাপনের জন্য বরাদ্দ দেওয়া হয়েছিল। ওই ব্যক্তি মারা যাওয়ার পর বাকি ১০ জনের বিরুদ্ধে ২৪ হাজার টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়।
সিরাজুল হক জানান, মামলায় বাদীপক্ষ ২৮ জন সাক্ষী উপস্থাপন করলেও অভিযোগের পক্ষে প্রমাণ দিতে পারেনি। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত সব আসামিকে খালাস দেন। বিচার চলাকালে মামলার একজন আসামি মারা গেছেন।
মামলাটিকে রাজনৈতিক হয়রানিমূলক আখ্যা দিয়ে সিরাজুল হক বলেন, রাজনৈতিক পরিচয়ের কারণে তাঁকে ও অন্য আসামিদের দীর্ঘদিন আর্থিক ও মানসিক ভোগান্তির মধ্য দিয়ে যেতে হয়েছে। রাজনৈতিক উদ্দেশ্যে মিথ্যা মামলা দিয়ে কাউকে হয়রানি করা হলে সংশ্লিষ্ট ব্যক্তিদেরও আইনের আওতায় আনার ব্যবস্থা থাকা প্রয়োজন।