ঢাকা মহানগরকে একটি বাসযোগ্য, পরিচ্ছন্ন ও সবুজ নগরী হিসেবে গড়ে তুলতে কঠোর ও যুগান্তকারী একগুচ্ছ সিদ্ধান্ত নিয়েছে সরকার। পাড়া-মহল্লার পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমে অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা ও প্রবীণ নাগরিকদের যুক্ত করার পাশাপাশি সরকারি কোয়ার্টারে ময়লা-আবর্জনা পরিষ্কারের বিষয়ে উদাসীনতা দেখালে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। এ ক্ষেত্রে সংশ্লিষ্টদের আবাসন বরাদ্দ পর্যন্ত বাতিল হতে পারে বলে সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
শনিবার (১৪ নভেম্বর) বিকেলে প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ে সমসাময়িক বিষয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম এসব তথ্য জানান।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ক্লিন ঢাকা, গ্রিন ঢাকা গড়ার লক্ষ্যে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় চলমান পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম সরাসরি প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে মনিটরিং করা হচ্ছে। এর অংশ হিসেবে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের ২০টি আঞ্চলিক অফিসে পরিচালকদের নেতৃত্বে বিশেষ কমিটি গঠন করা হয়েছে, যা গত ২৭ অক্টোবর থেকে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম পরিচালনা করছে।
প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানান, ইতোমধ্যে গঠিত কমিটিগুলো রাজধানীতে ব্যাপক পরিবীক্ষণ কার্যক্রম পরিচালনা করেছে। এর মধ্যে রয়েছে ২৪৮টি শিক্ষাপ্রতিষ্ঠান, ১৩৯টি সরকারি-বেসরকারি হাসপাতাল ও ক্লিনিক, ১১২টি সরকারি কোয়ার্টার, ১৫২টি বাজার ও শপিং কমপ্লেক্স, ১৮৮টি সড়ক, ফুটপাত ও জনস্থান এবং ১৩৬টি বাস টার্মিনাল, রেলওয়ে স্টেশন, কলোনি ও বস্তি।
পরিদর্শনকারী কমিটিগুলোর সুপারিশের ভিত্তিতে প্রধানমন্ত্রী একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রস্তাব অনুমোদন করেছেন। এ বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, ঢাকায় প্রায় ৩৯ হাজার অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা-কর্মচারী ও সিনিয়র সিটিজেন বসবাস করছেন। তারা রাষ্ট্রের অভিজ্ঞ ও মূল্যবান সম্পদ। প্রত্যেক পাড়া-মহল্লায় এসব প্রবীণ ও অভিজ্ঞ ব্যক্তিকে রাষ্ট্রীয়ভাবে এই পরিচ্ছন্নতা কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত করা হবে। মহল্লায় গঠিত কমিটিতে তাঁরা উপদেষ্টা কিংবা দায়িত্বপূর্ণ পদে থাকবেন। পাশাপাশি এই কার্যক্রমে এলাকার তরুণ সমাজকেও যুক্ত করা হবে। দ্রুতই এই সিদ্ধান্ত বাস্তবায়ন করা হবে।
পরিচ্ছন্নতার ক্ষেত্রে রাজধানীর সরকারি কোয়ার্টারগুলোর অবস্থার তীব্র সমালোচনা করে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জানান, সরকারি কোয়ার্টারে বসবাসকারীরা যদি ময়লা-আবর্জনা পরিষ্কার বা ব্যবস্থাপনার বিষয়ে কার্যকর কোনো পদক্ষেপ না নেন এবং আগের মতো অস্বাস্থ্যকর পরিবেশ বজায় রাখেন, তবে তাদের আবাসন বরাদ্দ সরাসরি বাতিল করা হতে পারে। প্রধানমন্ত্রীর উপস্থিতিতেই এই কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রতিমন্ত্রী আরও বলেন, ‘আমরা অন্য সরকারের মতো বলতে চাই না ঢাকাকে কানাডা বা সিঙ্গাপুর বানাব; তবে আমরা ঢাকাকে একটি সত্যিকারের বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে চাই।’ রাষ্ট্রকে কেবল দোষ না দিয়ে নিজ নিজ অবস্থান থেকে যার যার এলাকা পরিষ্কার রাখার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান তিনি।
সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান পরিচ্ছন্ন রাজনীতির পাশাপাশি সমাজে নৈতিক মূল্যবোধ ফিরিয়ে আনার ওপর জোর দিচ্ছেন। কীভাবে আমাদের পরিবেশ পরিচ্ছন্ন রাখা যায়, সে বিষয়ে তিনি অত্যন্ত গুরুত্বারোপ করেছেন। রাজধানীর পরিচ্ছন্নতা কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তাদের নেতৃত্বে ২০টি অঞ্চলে যে কার্যক্রম শুরু হয়েছিল, তার সার্বিক অগ্রগতি সম্পর্কে জানাতেই এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। দৈনন্দিন জীবন ও স্বাস্থ্যের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত এসব গুরুত্বপূর্ণ বিষয়ে গণমাধ্যমকে অবহিত করার তাগিদ অনুভব করেই এই প্রেস ব্রিফিং বলে জানান প্রেস সচিব।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রশাসন অনুবিভাগের মহাপরিচালক ওয়াহাদু চৌধুরী এবং উপপ্রেস সচিব জাহিদুল ইসলাম রনি।