সোনিয়া গান্ধীকে নিয়ে সিনেমা

আপডেট : ১৪ নভেম্বর ২০২৬, ০৮:৪০ পিএম

 

ভারতীয় শক্তিশালী রাজনৈতিক দল কংগ্রেসের নেত্রী সোনিয়া গান্ধীর ব্যক্তিগত ও রাজনৈতিক জীবন এবার উঠে আসতে যাচ্ছে সিনেমার পর্দায়। তার জীবনকাহিনি অবলম্বনে তেলুগু ভাষায় একটি চলচ্চিত্র নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।

এরই মধ্যে ছবিটি তৈরির জন্য ২ কোটি রুপি আর্থিক সহায়তার প্রতিশ্রুতিও পাওয়া গেছে।ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, তেলেঙ্গানা প্রদেশ কংগ্রেস কমিটির কার্যকরী সভাপতি জগ্গা রেড্ডি সম্প্রতি এই চলচ্চিত্র নির্মাণের পরিকল্পনা প্রকাশ করেছেন।

তেলেঙ্গানার সাঙ্গারেড্ডিতে কংগ্রেসের নেতাকর্মীদের এক সভায় জগ্গা রেড্ডি জানান, সোনিয়া গান্ধীর জীবন ও রাজনৈতিক পথচলাকে কেন্দ্র করে একটি পূর্ণদৈর্ঘ্য তেলুগু চলচ্চিত্র নির্মাণের পরিকল্পনা রয়েছে। প্রতিবেদনে ‘Belonging: A Journey of Love’ শিরোনামের একটি বইকে চলচ্চিত্রটির ভিত্তি হিসেবে উল্লেখ করা হয়েছে।

পরিকল্পনা অনুযায়ী, সিনেমায় সোনিয়া গান্ধীর পারিবারিক জীবন, ব্যক্তিগত অভিজ্ঞতা এবং ভারতের রাজনীতিতে তার দীর্ঘ পথচলার বিভিন্ন গুরুত্বপূর্ণ অধ্যায় তুলে ধরা হবে। পাশাপাশি কংগ্রেসের নেতৃত্বে তার উত্থান ও রাজনৈতিক কর্মকাণ্ডও চলচ্চিত্রটির গল্পে স্থান পাবে।

ছবিটি নির্মাণে ইতিমধ্যে ২ কোটি রুপি দেওয়ার প্রতিশ্রুতি পাওয়া গেছে বলে জানিয়েছেন জগ্গা রেড্ডি। তবে এটিই চলচ্চিত্রটির চূড়ান্ত বাজেট কি না, তা নিশ্চিত করা হয়নি। নির্মাণকাজে সহযোগিতার জন্য স্থানীয় কংগ্রেস নেতা ও কর্মীদেরও আর্থিকভাবে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তিনি।

তবে চলচ্চিত্রটির পরিচালক, অভিনয়শিল্পী কিংবা শুটিং শুরুর সময় সম্পর্কে এখনো বিস্তারিত কোনো ঘোষণা আসেনি। ফলে সোনিয়া গান্ধীর চরিত্রে কাকে দেখা যাবে এবং কবে সিনেমাটি মুক্তি পাবে, এসব বিষয়ে কোনো ধারণা পাওয়া যায়নি নির্মাতাদের কাছ থেকে।

সর্বশেষ সর্বাধিক পঠিত