লাখ টাকা কামানোর বাস্তব সুযোগ

আপডেট : ১৫ নভেম্বর ২০২৬, ০২:০৫ এএম

ব্যাংক কর্মকর্তার সুপ্রতিষ্ঠিত চাকরি ছেড়ে ২০১৯ সাল অর্থাৎ করোনার ঠিক আগের বছর থেকে মাশরুম চাষের ওপর প্রশিক্ষণ নেওয়া শুরু করেছিলেন এই উদ্যোক্তা। বর্তমানে তিনি মাশরুমের উৎপাদন, বিপণন, আধুনিকীকরণ ও যান্ত্রিকীকরণ, এই চারটি উইংস বা সেগমেন্ট নিয়ে বড় পরিসরে কাজ করছেন। ২০ বিঘা জমির ওপর রয়েছে তাদের বিশাল খামার, যার পাশাপাশি সারা বাংলাদেশে ৪ থেকে ৫ হাজার চুক্তিভিত্তিক চাষি কাজ করছেন। এই চাষিদের উৎপাদিত মাশরুম তারা নিজে সংগ্রহ করেন এবং তাদের সার্বিক উন্নয়নে সহযোগিতা প্রদান করে থাকেন। বাংলাদেশে ঔষধি গুণসম্পন্ন ‘ঋষি মাশরুম’ বা ‘গ্যানোডারমা মাশরুম’-এর চাহিদা প্রচুর। সিঙ্গাপুর, মালয়েশিয়া ও থাইল্যান্ডে এই মাশরুম দিয়ে টুথপেস্ট, সাবান, শ্যাম্পু এবং বিভিন্ন হারবাল ওষুধসহ আড়াই থেকে তিনশ রকমের পণ্য তৈরি করা হয়। সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালের গবেষণায় দেখা গেছে, এই ঋষি মাশরুম ক্যানসার টিউমার, হার্ট, কিডনি ও লাংসসহ ৯টি মেজর অর্গানের ওপর কার্যকর এবং এটি ৮৫% পর্যন্ত ক্যানসার সেল রিমুভ করতে সক্ষম। এ ছাড়া বর্তমানে সরকারের একটি প্রকল্পের মাধ্যমে তারা সারা দেশের চাষিদের নিয়ে বিরল ও অত্যন্ত মূল্যবান ‘ব্ল্যাক মাশরুম’ বা ‘উড ইয়ার মাশরুম’ উৎপাদন করাচ্ছেন, যা সারা পৃথিবীতে ভীষণ পুষ্টিগুণসম্পন্ন এবং কাঁচা বা সালাদ আকারে খাওয়ার জন্য অত্যন্ত জনপ্রিয়। শীতকাল হলো মাশরুমের মূল মৌসুম, যে সময়ে এর ব্যাপক চাহিদা থাকে এবং ভোক্তারাও তা বেশি খোঁজ করেন।

উদ্যোক্তার মতে, কেউ যদি লাখপতি ব্যবসায়ী হতে চান, তবে অন্তত দেড় থেকে দুবছর এই ব্যবসার সঙ্গে অবিচলভাবে লেগে থাকতে হবে। মাশরুম চাষের জন্য পনেরো মাসের একটি পূর্ণাঙ্গ প্রশিক্ষণের কথা বলা হয়, কারণ আবহাওয়া পরিবর্তনের সঙ্গে সঙ্গে মাশরুম তার ক্যারেক্টার বা চরিত্র পরিবর্তন করে। শীতে এক রকম আবহাওয়া আর গরমে আরেকরকম আবহাওয়া থাকায় এর আর্দ্রতা বা হিউমিডিটি এবং তাপমাত্রা সঠিকভাবে মেইনটেইন করতে হয়। যারা অল্প সময়ের জন্য চাষ করতে যান, মূলত তারাই বড় ঝুঁকির মুখে পড়েন এবং এর বাইরে মাশরুম চাষে বড় কোনো ঝুঁকি নেই। শুরু দিকের ধাক্কাগুলো সামলে ধারাবাহিকভাবে এই চাষ ধরে রাখতে পারলে প্রতি মাসে অনায়াসেই এক থেকে দুই লাখ টাকা বা তার বেশি ইনকাম করা সম্ভব। মাশরুমের এই বাজারটি বাংলাদেশে মাত্র রাইজিং স্টেজে রয়েছে এবং এটি একটি মিলিয়ন ডলার বিজনেস।

তবে এই ব্যবসায় পথচলা সবসময় মসৃণ ছিল না। মিলিনিয়াম অ্যাসোসিয়েশনের মাধ্যমে বাংলাদেশ থেকে প্রথমবার বিদেশ রপ্তানির উদ্যোগ নিয়ে তিনি সারা দেশের প্রান্তিক চাষিদের কাছ থেকে সংগ্রহ করে প্রায় ৬০০ কেজি বা আধা টনের বেশি মাশরুম একত্র করেছিলেন। কিন্তু প্রান্তিক চাষিরা আধুনিক ড্রায়ার মেশিন সম্পর্কে না জানায় এবং প্রচলিত নিয়মে রোদে শুকানোর কারণে মাশরুমগুলোর কোয়ালিটি এক রকম হয়নি। যার ফলে রপ্তানি বা আন্তর্জাতিক মানদ-ে তা পাস করতে না পেরে শেষ পর্যন্ত ৬০০ কেজির সেই বড় অর্ডারটি বাতিল হয়ে যায় এবং তাকে মানসিকভাবে মারাত্মক ভেঙে পড়তে হয়। সেই বড় ধাক্কা থেকেই মূলত তার মাথায় আধুনিকীকরণের চিন্তা আসে। তিনি সিদ্ধান্ত নেন যে, দেশের চাষিদের আধুনিক যন্ত্রপাতি ব্যবহার করা শেখাবেন, যাতে আর কেউ তার মতো হোঁচট না খায় এবং ভবিষ্যতে মাশরুম রপ্তানি পর্যায়ে নিয়ে যাওয়া যায়।

রপ্তানির সুযোগ হাতছাড়া হওয়ার পর তারা স্থানীয় বা লোকাল মার্কেট ডেভেলপ করার সিদ্ধান্ত নেন এবং শুকনো মাশরুমকে পাউডার ফরম্যাটে এনে বিভিন্ন পণ্য তৈরি শুরু করেন। কাঁচা মাশরুমের পাশাপাশি প্রোডাক্ট লাইন বড় করায় স্থানীয় বাজারে দারুণ সাড়া মিলেছিল এবং এক মাসেই প্রায় ৭ লাখ টাকার পণ্য বিক্রি করে ভালো রকম প্রফিট অর্জন করেছিলেন। সেখান থেকেই তারা নতুন করে ঘুরে দাঁড়ান। মাশরুম চাষের সঠিক জ্ঞান, ধৈর্য এবং আধুনিক প্রযুক্তির ছোঁয়া থাকলে যে এই সেক্টরে অভাবনীয় সাফল্য অর্জন করা সম্ভব, এটি তারই এক উজ্জ্বল দৃষ্টান্ত।

সর্বশেষ সর্বাধিক পঠিত