জলবায়ু অর্থায়ন অব্যাহত রাখার দাবি বাংলাদেশের

আপডেট : ১৫ নভেম্বর ২০২৬, ০২:৩৩ এএম

স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে বেরিয়ে গেলেও জলবায়ু পরিবর্তনের ঝুঁকি কমবে না বাংলাদেশের। তাই এলডিসি উত্তরণের পরও বাংলাদেশের জন্য আন্তর্জাতিক জলবায়ু অর্থায়ন অব্যাহত রাখার দাবি জানিয়েছেন বিশেষজ্ঞ ও নাগরিক সমাজের প্রতিনিধিরা। একই সঙ্গে জলবায়ু ঝুঁকি বিবেচনায় ঋণের পরিবর্তে সহজ শর্তে ও অনুদানভিত্তিক অর্থায়ন নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন তাঁরা।

তুরস্কের আনাতোলিয়ায় চলমান জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ৩১-এর ভেন্যুতে  শনিবার আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব দাবি জানানো হয়। ‘ফ্রম শেয়ারড ভালনারেবিলিটি টু রেজিলিয়েন্স ইন বিবিএন: অ্যাডভান্সিং অ্যাডাপটেশন অ্যান্ড ফাইন্যান্স প্রাইওরিটিজ অ্যাট কপ৩১’ শীর্ষক এ সংবাদ সম্মেলনের আয়োজন করে সেন্টার ফর পার্টিসিপেটরি রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট (সিপিআরডি) ও ক্লাইমেট জাস্টিস অ্যালায়েন্স-বাংলাদেশ।

সংবাদ সম্মেলনে বাংলাদেশ, ভুটান ও নেপালের প্রতিনিধিরা বলেন, ভৌগোলিক ও আর্থসামাজিক অবস্থানের পার্থক্য থাকলেও জলবায়ু পরিবর্তনের কারণে তিন দেশ পরস্পরসম্পর্কিত ঝুঁকির মুখে রয়েছে। হিমালয়ের হিমবাহ গলে যাওয়া, মৌসুমি বৃষ্টিপাতের ধরনে পরিবর্তন, আন্তসীমান্ত নদীর পানিপ্রবাহ, চরম আবহাওয়া, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি ও লবণাক্ততা—এসবের প্রভাব এক দেশের গণ্ডিতে সীমাবদ্ধ থাকছে না। ফলে এসব ঝুঁকি মোকাবিলায় দেশগুলোর মধ্যে সমন্বিত উদ্যোগ প্রয়োজন।

সংবাদ সম্মেলনে সভাপতিত্ব ও সঞ্চালনা করেন সিপিআরডির প্রধান নির্বাহী মো. শামসুদ্দোহা। তিনি বলেন, এলডিসি থেকে উত্তরণ মানে জলবায়ু ঝুঁকি থেকে উত্তরণ নয়। এলডিসি তালিকা থেকে বেরিয়ে গেলে আন্তর্জাতিক অর্থায়নের কিছু সুযোগ সীমিত হয়ে আসবে। এতে অভিযোজন কার্যক্রম চালিয়ে যাওয়ার ক্ষেত্রে দেশগুলো চাপে পড়তে পারে।

শামসুদ্দোহা বলেন, ‘এলডিসি মর্যাদা থেকে উত্তরণ মানে জলবায়ু ঝুঁকি থেকে উত্তরণ নয়। এলডিসি থেকে বেরিয়ে গেলে অর্থায়নের সুযোগ সীমিত হবে। আমাদের মূল উদ্বেগ হলো, এলডিসি থেকে উত্তরণের পরও দেশগুলোর অভিযোজন কার্যক্রমে সহায়তা অব্যাহত রাখতে হবে।’

এলডিসি সাপোর্ট টিমের প্রধান ও ক্লাইমেট অ্যানালিটিকস সাউথ এশিয়ার পরিচালক মনজিৎ ধকল বলেন, হিমালয়, অভিন্ন পানিব্যবস্থা ও নদী অববাহিকার কারণে বাংলাদেশ, ভুটান ও নেপাল একটি আন্তসংযুক্ত জলবায়ু অঞ্চলের অংশ। একটি দেশে ঘটে যাওয়া ঘটনা অন্য দেশকেও প্রভাবিত করে। তাই জলবায়ু পরিবর্তন মোকাবিলায় তিন দেশের একসঙ্গে কাজ করা জরুরি।

তিনি বলেন, জলবায়ু অভিযোজনের ক্ষেত্রে বাংলাদেশ বিশ্বের জন্য একটি শিক্ষণীয় উদাহরণ। বন সংরক্ষণ ও নিট জিরো অর্জনের ক্ষেত্রেও এ অঞ্চলের অভিজ্ঞতা থেকে অন্য দেশগুলো শিখতে পারে।

সংবাদ সম্মেলনে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সিপিআরডির গবেষণা ও অ্যাডভোকেসি কর্মসূচির ব্যবস্থাপক শেখ নূর আতায়া রাব্বি। তিনি কপ৩১-এ বাংলাদেশ, ভুটান ও নেপালের জন্য সমন্বিত অভিযোজন ও জলবায়ু অর্থায়নবিষয়ক কর্মসূচি এগিয়ে নেওয়ার ওপর গুরুত্ব দেন।

অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) যুগ্ম সচিব শাহ আবদুল সাদী বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে আবহাওয়াসংক্রান্ত দুর্যোগের ঘটনা আরও ঘন ঘন ঘটছে। এসব দুর্যোগের তীব্রতা, স্থায়িত্ব ও অনিশ্চয়তাও বাড়ছে। এ পরিস্থিতিতে নাগরিক সমাজের সংগঠনগুলোকে সীমান্তের বাইরে গিয়ে যৌথভাবে কাজ করতে হবে।

তিনি বলেন, ‘তিন দেশের ঝুঁকি অভিন্ন, তাই দায়িত্বও ভাগাভাগি করে নিতে হবে। সহজ শর্তে অর্থায়নের সুযোগ সীমিত হয়ে আসবে। অন্যদিকে ঋণ পরিশোধের চাপও বাজেটের ওপর প্রভাব ফেলছে। সম্পদ কীভাবে বরাদ্দ করা হবে, তা প্রভাবিত করতে নাগরিক সমাজের সংগঠনগুলোকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।’

পরিবেশ অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (পিআরএল) মো. জিয়াউল হক বলেন, এলডিসি উত্তরণ বাংলাদেশের উন্নয়নের অগ্রগতির প্রতিফলন। কিন্তু এর অর্থ এই নয় যে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি কমে গেছে। তাই দেশের প্রকৃত ও ভবিষ্যৎ ঝুঁকি এবং আর্থিক সক্ষমতা বিবেচনায় অভিযোজন কার্যক্রমের জন্য অনুদানভিত্তিক অর্থায়ন অব্যাহত রাখতে হবে।

তিনি বলেন, ২০২৪ সালে বাংলাদেশ এ ধরনের আঞ্চলিক জোট গঠনের প্রস্তাব দিয়েছিল। গত দুই বছরে তিন দেশ যৌথভাবে বিভিন্ন প্রস্তাবও দিয়েছে। উজানের কোনো দেশে দুর্যোগ হলে তার সরাসরি প্রভাব ভাটির দেশ বাংলাদেশের ওপর পড়তে পারে। ক্ষয়ক্ষতি মোকাবিলা ও অভিযোজন সক্ষমতা বাড়াতে এ উদ্যোগে আন্তর্জাতিক সহায়তা বাড়ানো প্রয়োজন।

ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্ক সাউথ এশিয়ার কর্মসূচি ব্যবস্থাপক রুচি চৌধুরী বলেন, এলডিসি থেকে উত্তরণের পরও দেশগুলোর জলবায়ু ঝুঁকি থেকে যায়। ভুটানে হিমবাহ গলছে, নেপালে আবহাওয়া অনিশ্চিত হয়ে উঠছে এবং বাংলাদেশে ঘূর্ণিঝড় মানুষের জীবন ও জীবিকার জন্য হুমকি তৈরি করছে। অথচ এলডিসি উত্তরণের ফলে সহজ শর্তে অর্থায়নের সুযোগ কমে যেতে পারে।

তিনি বলেন, উন্নত দেশগুলোকে পর্যাপ্ত, পূর্বানুমানযোগ্য ও অনুদানভিত্তিক অভিযোজন অর্থায়ন দিতে হবে। কোনো দেশের মোট দেশজ উৎপাদন (জিডিপি) বা এলডিসি পরিচয় দিয়ে তার জলবায়ু ঝুঁকি ও মানুষের সুরক্ষায় প্রয়োজনীয় অর্থের পরিমাণ নির্ধারণ করা যায় না। অর্থায়ন স্থানীয় সরকার ও ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর কাছে পৌঁছানোও নিশ্চিত করতে হবে।

রুচি চৌধুরী আরও বলেন, ‘জলবায়ু ন্যায়বিচারের কোনো মেয়াদোত্তীর্ণ তারিখ থাকতে পারে না। বাংলাদেশ, ভুটান ও নেপাল দয়া নয়, ন্যায্যতা ও প্রয়োজনীয় সম্পদ চাইছে।’

সংবাদ সম্মেলনে তিনটি বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। এগুলো হলো—জলবায়ু অভিযোজনের ক্ষেত্রে দেশের প্রকৃত ঝুঁকি, ন্যায্যতা ও মানবাধিকারের বিষয়গুলোকে অগ্রাধিকার দেওয়া; এলডিসি উত্তরণের পরও পর্যাপ্ত, পূর্বানুমানযোগ্য ও অনুদানভিত্তিক জলবায়ু অর্থায়ন নিশ্চিত করা; এবং বাংলাদেশ, ভুটান ও নেপালের মধ্যে আগাম সতর্কীকরণ ব্যবস্থা, স্থানীয় পর্যায়ে অভিযোজন ও অর্থায়নের স্বচ্ছতা নিশ্চিতে সমন্বিত উদ্যোগ জোরদার করা।

সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, উন্নয়নের অগ্রগতি যেন জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় প্রয়োজনীয় আন্তর্জাতিক সহায়তা পাওয়ার ক্ষেত্রে বাধা হয়ে না দাঁড়ায়। জলবায়ু ঝুঁকির বাস্তবতা বিবেচনায় নিয়ে এলডিসি পরিচয়ের বাইরে গিয়েও অভিযোজন অর্থায়ন নিশ্চিত করতে হবে। এ জন্য তিন দেশের সরকার, নাগরিক সমাজ ও আন্তর্জাতিক অংশীদারদের সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তাঁরা।

সর্বশেষ সর্বাধিক পঠিত