শনিবার ১১ ঘণ্টার ব্যবধানে প্রীতি ম্যাচ হেরেছে আর্জেন্টিনা ও ব্রাজিল। আর্জেন্টিনা দেশের মাটিতে উরুগুয়ের কাছে হেরেছে ২-১ গোলে। আর ব্রাজিল সিঙ্গাপুরে জাপানের কাছে হেরেছে ২-৩ গোলে
জাপানের প্রতিশোধ : ২০২৬ ফিফা বিশ্বকাপ থেকে বিদায়ের প্রতিশোধ নিল জাপান। সিঙ্গাপুরের ন্যাশনাল স্টেডিয়ামে অনুষ্ঠিত আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ব্রাজিলকে ৩-২ গোলে হারিয়েছে ব্লু সামুরাইরা। ম্যাচে দুই গোলে পিছিয়ে পড়েও ভিনিসিয়ুস জুনিয়রের জোড়া গোলে সমতায় ফিরেছিল ব্রাজিল। তবে শেষ মুহূর্তের গোলে জয় নিশ্চিত করে জাপান। এ ছাড়া ম্যাচ শেষে রেফারি বিতর্ক ও ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি এবং অধিনায়ক রাফিনিয়ার লাল কার্ড দেখার ঘটনায় উত্তপ্ত হয়ে ওঠে মাঠ।
নিয়মিত অধিনায়ক মার্কিনিয়োস চ্যাম্পিয়ন্স লিগে পেশির চোটে পড়ে ছিটকে যাওয়ায় জাপানের বিপক্ষে এই প্রীতি ম্যাচে ব্রাজিল দলকে নেতৃত্ব দেওয়ার দায়িত্ব পেয়েছিলেন রাফিনিহা। কিন্তু সেলেসাওদের জার্সিতে নেতৃত্বের অভিষেক ম্যাচটি তার জন্য সুখকর হয়নি; ম্যাচজুড়ে রেফারিদের বিতর্কিত সিদ্ধান্তের প্রতিবাদ জানাতে গিয়ে লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয়েছে তাকে।
সিঙ্গাপুরে অনুষ্ঠিত এই ম্যাচে শুরুটা মোটেও ভালো হয়নি ব্রাজিলের। ম্যাচের প্রথম ১৮ মিনিটের মধ্যেই ২-০ গোলে পিছিয়ে পড়ে তারা। ১৫ মিনিটে রিতসু দোয়ানের পাস থেকে জাপানের হয়ে প্রথম গোলটি করেন তাকেফুসা কুবো। এর চার মিনিট পর (১৯ মিনিটে) শুতো নাকানোর ক্রস থেকে ব্যবধান দ্বিগুণ করেন কেইতো নাকামুরা।
রক্ষণভাগে দুর্বলতা থাকলেও আক্রমণে বরাবরই ভয়ংকর ব্রাজিল। ৩৩ মিনিটে বক্সের বাইরে থেকে বুলেট গতির শটে ব্যবধান কমান ভিনিসিয়ুস জুনিয়র। এরপর দ্বিতীয়ার্ধে নিজের দ্বিতীয় ও দলের সমতাসূচক গোলটি করেন এই রিয়াল মাদ্রিদ তারকা। যখন মনে হচ্ছিল ম্যাচটি ড্রয়ের দিকে যাচ্ছে, ঠিক তখনই শেষ মুহূর্তে (নির্ধারিত সময়ের শেষ মিনিটে) জাপানের হয়ে জয়সূচক তৃতীয় গোলটি করেন তাতসুহিরো সাকামোতো।
মেসিহীন আর্জেন্টিনার হতাশার শুরু : টানা ৩০টি প্রীতি ম্যাচে অপরাজিত থাকা এবং ঘরের মাঠে প্রায় ৩০ বছর ধরে হার না মানার রেকর্ড, সবকিছুই থামল লা বোম্বোনেরার চেনা গ্যালারিতে। লিওনেল মেসিহীন প্রথম পরীক্ষাতেই হোঁচট খেল আলবিসেলেস্তেরা। উরুগুয়ের বিপক্ষে ২-১ গোলের এই পরাজয় কেবল একটি প্রীতি ম্যাচের হার নয়, বরং দীর্ঘ সাফল্যের ধারা ভেঙে নতুন এক কঠিন বাস্তবতার মুখোমুখি দাঁড় করাল লিওনেল স্কালোনির দলকে।
ম্যাচ শেষে পরাজয়কে খুব বড় করে না দেখে তরুণ দল নিয়ে দীর্ঘমেয়াদি পরিকল্পনার কথা জানিয়ে কোচ লিওনেল স্কালোনি বলেন, ‘আমাদের ধৈর্য ধরতে হবে, কারণ ওরা এমন কিছু তরুণ যারা দলের জন্য নিজেদের উজাড় করে দেবে। তবে আমরা এটা আশা করতে পারি না যে এখনই ওরা দলটাকে নিজেদের কাঁধে বয়ে বেড়াবে।’