৬ নভেম্বর দুপুরে আবারও গিয়েছিলাম আফতাবনগরের বালু নদীর পাড়ের লাল মুনিয়াদের খোঁজ-খবর নিতে। গত মাসে যখন গিয়েছিলাম তখন একজন পক্ষী আলোকচিত্রী বলেছিলেন দুপুর ১টার সময় উনি প্রায় ৫০ জোড়ার লাল মুনিয়ার দেখা পেয়েছিলেন। তাই এই ভরদুপুরেই ওখানে গেলাম। কিন্তু বহুক্ষণ অপেক্ষা করেও এক-দুই জোড়ার বেশি পাখির দেখা পেলাম না। তারাও আবার মাটিতে বা কাশফুলে নামল না। কাজেই কী আর করা? প্রজাপতি, ফড়িং, শালিক বা দোয়েলের ছবি তুলেই সময় কাটাচ্ছিলাম। এসব সাধারণ পাখি-প্রাণীর ছবি তোলা নিয়ে যখন ব্যস্ত তখন হঠাৎ করেই দূর আকাশ থেকে ছোট্ট একটি শিকারি পাখিকে আমাদের দিকে তীরবেগে ছুটে আসতে দেখলাম। দ্রুত ক্যামেরার ভিউ ফাইন্ডারে চোখ রাখলাম। চোক্ষের পলকে পাখিটি তার নখে ঢোল কলমি গাছের ডালে বসা একটি স্ত্রী রক্তচোষাকে (Oriental Garden Lizard) গেঁথে আকাশে উড়ে গেল। সরীসৃপটিকে নখে রেখেই উড়ন্ত অবস্থায় ধারালো ঠোঁট দিয়ে ছিঁড়ে ছিঁড়ে খেতে লাগল। আর আমার আঙুল ক্যামেরার শাটারের ক্লিক করতে থাকল।
আফতাবনগরের বালু নদীর পাড়ের সেদিনের এই সরীসৃপ শিকারি এ দেশের বহুল দৃশ্যমান এক পরিযায়ী শিকারি পাখি ‘পোকামারা’। সাপখাওরি বাজ বা ছোট বাজ নামেও পরিচিত। ইংরেজি নাম Common Kestrel, European Kestrel, Eurasian Kestrel বা Old World Kestrel। ফ্যালকোনিডি গোত্রের পাখিটির বৈজ্ঞানিক নাম Falco tinnunculus। ইউরেশিয়া, দক্ষিণ এশিয়া ও আফ্রিকার পাখিটি শীতে এ দেশে পরিযায়ন করে।
পোকামারা সরু দেহ ও চোখা ডানার শিকারি পাখি। প্রাপ্তবয়স্ক পাখির দেহের দৈর্ঘ্য ৩০-৩৬ সেন্টিমিটার, প্রসারিত ডানা ৭০-৮০ সেন্টিমিটার ও ওজন ১৫০-১৯০ গ্রাম। স্ত্রী-পুরুষের চেহারায় পার্থক্য রয়েছে। আকারে স্ত্রী পুরুষের চেয়ে কিছুটা বড় হয়। প্রাপ্তবয়স্ক পুরুষ পাখির পিঠ লালচে। মাথা ধূসর। মাথার চাঁদি ও ঘাড়ে ছাই-ধূসর সরু ও লম্বালম্বি দাগ থাকে। কপাল, গলা ও গাল সাদা। বুক-পেট পীতাভ ও তাতে মোটা লম্বা দাগ রয়েছে। বগল ও তলপেটে রয়েছে কালচে ছিট। লেজের প্রান্ত-পালক কালো, যার আগা সাদা। অন্যদিকে স্ত্রী পাখির দেহের উপরিভাগ হলদে-বাদামি, তার ওপর রয়েছে সুস্পষ্ট কালো ডোরা ও ফোটা। বুক-পেট তুলনামূলকভাবে ফ্যাকাশে ও তাতে রয়েছে গাঢ় লম্বা দাগ। গাল ভরা দাগছোপ। দেহের পেছনে কালো আড়াআড়ি ডোরা। কোমর ধূসর ও লেজে কালচে ডোরা রয়েছে। স্ত্রী-পুরুষ নির্বিশেষে চোখ বাদামি ও চোখের চারদিকের চামড়া হলুদ। মুখে গোঁফের মতো কালো দাগ দেখা যায়। চঞ্চু নীলচে। পা, পায়ের পাতা ও আঙুল হলুদ। অপ্রাপ্তবয়স্ক পাখি দেখতে স্ত্রী পাখির মতো।
পোকামারা সারা দেশের উন্মুক্ত এলাকা, তৃণভূমি, আবাদি জমি, নদীর চর প্রভৃতি এলাকায় বিচরণ করে। দিবাচর পাখিগুলো সচরাচর একাকী বা জোড়ায় থাকে। তৃণভূমি ও ধানক্ষেতের ওপর হোভারিং করে অর্থাৎ পাখার মতো লেজ ছড়িয়ে এবং দ্রুত ডানা নেড়ে আকাশে স্থির হয়ে থেকে ছোট্ট ইঁদুরজাতীয় প্রাণী, ব্যাঙ, টিকটিকি, গিরগিটি, ছোট্ট পাখি, বিভিন্ন ধরনের কীটপতঙ্গ ইত্যাদি খুঁজে ও ধরে খায়। প্রজননকালে তীক্ষ্মকণ্ঠে ‘কি-কি-কি-কি---’ শব্দে বার বার ডাকে।
এপ্রিল থেকে জুন প্রজননকাল। এরা সচরাচর সারাজীবনের জন্য জোড় বাঁধে। এ সময় গাছের গর্তে, পুরনো দর-দালানের ফাঁকে কিংবা কাক বা অন্য কোনো পাখির পরিত্যক্ত বাসায় ডিম পাড়ে। ডিম হয় ৩-৭টি, রঙ চকচকে সাদা। বেশিরভাগ সময় স্ত্রী পাখিই ডিমে তা দেয়। ডিম ফোটে ২৬-৩৪ দিনে। সদ্যফোটা ছানাদের প্রথম কয়েকদিন স্ত্রী পাখিই খাওয়ায়। এরপর থেকে স্ত্রী-পুরুষ মিলেমিশে ছানাদের লালন-পালন করে। ছানারা এক মাস বয়সে উড়তে শিখে। তারপরেও ৭-৮ সপ্তাহ বয়স পর্যন্ত বাবা-মায়ের সঙ্গে থাকে। এক বছর বয়সে প্রাপ্তবয়স্ক হলেও সচরাচর প্রথম বছর প্রজনন করে না। আয়ুষ্কাল ৫-৬ বছর।
লেখক : পাখি ও বন্য প্রাণী প্রজনন ও চিকিৎসা বিশেষজ্ঞ