ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরিসহ বিভিন্ন দাবিতে শ্রমিক আন্দোলনের জেরে রবিবার (১৫ নভেম্বর) গাজীপুরের কালিয়াকৈরসহ বিভিন্ন এলাকার ২৯টি পোশাক কারখানায় ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে শনিবার (১৪ নভেম্বর) রাতেই ১৩টি কারখানার কর্তৃপক্ষ কর্মীদের রবিবার থেকে কারখানা ছুটির সিদ্ধান্ত জানিয়ে দেয়।
শ্রম আইনের ১৩ (১) ধারায় বলা হয়েছে, কোনো প্রতিষ্ঠানের কোনো শাখা বা বিভাগে বেআইনি ধর্মঘটের কারণে মালিক ওই শাখা বা প্রতিষ্ঠান আংশিক বা সম্পূর্ণ বন্ধ করে দিতে পারবেন এবং এরকম বন্ধের ক্ষেত্রে ধর্মঘটে অংশগ্রহণকারী শ্রমিকরা কোনো মজুরি পাবেন না।
গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার আমজাম হোসাইন গণমাধ্যমকে বলেন, রোববার সকালে কয়েকটি এলাকায় শ্রমিকরা আন্দোলনের চেষ্টা করলে তাদের ‘হটিয়ে’ দেওয়া হয়। গতকাল রাতে (শনিবার রাত) ১৩টা কারখানায় বলে দিয়েছিল রোববার থেকে কারখানা ছুটি থাকবে। আজ সকালে আরও ১৬টি কারখানা ছুটি দিয়েছে।
সকালে কাজে যোগ দিতে এসে এসব কারখানার ফটকে বন্ধের নোটিস দেখে ফিরে যান শ্রমিকরা। কেউ কেউ দীর্ঘসময় অপেক্ষা করেও কাজের বিষয়ে নিশ্চিত হতে পারেননি।
বেতন বৃদ্ধির দাবিতে চলমান সড়ক অবরোধ, বিক্ষোভ, ভাঙচুরে কয়েক দিন ধরেই উত্তপ্ত গাজীপুর। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ, এসআরবি, আনসারের পাশাপাশি বিজিবি মোতায়েন করা হয়েছে।
চলমান অস্থিরতার মধ্যে পোশাক কারখানা উদ্যোক্তাদের দুই সংগঠন বিজিএমইএ ও বিকেএমইএ শনিবার ঢাকায় সংবাদ সম্মেলন করে ঘোষণা দেয়, কোনো কারখানায় শ্রমিক অসন্তোষ দেখা দিলে এবং শ্রমিকেরা কাজে যোগ না দিলে মালিকরা কারখানা বন্ধ রাখতে বাধ্য হবেন।
বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান বাবু বলেছেন, সার্বিক পরিস্থিতি ও শিল্পের সুরক্ষা পর্যালোচনা করে, সংশ্লিষ্ট অঞ্চলের বিজিএমইএ ও বিকেএমইএর সদস্যভুক্ত কারখানাগুলোর মালিকরা এক কঠিন অথচ অনিবার্য সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন। সামগ্রিক নিরাপত্তা এবং উৎপাদন অনুকূল পরিবেশ বজায় না থাকায় এই কারখানাগুলো সচল রাখা সম্ভব হচ্ছে না ফলশ্রুতিতে চলমান শ্রম অসন্তোষের কারণে উৎপাদন কার্যক্রম চালাতে ব্যর্থ হওয়া সংশ্লিষ্ট অঞ্চলের কারখানাগুলো বাংলাদেশ শ্রম আইনের ১৩(১) ধারা অনুযায়ী ১৫ নভেম্বর থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখতে বাধ্য হবেন।
ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকার দাবিতে গেল মাসের শেষের দিকে পোশাক শ্রমিকরা আন্দোলনে নামেন। রাজধানীর মিরপুর, গাজীপুর, ঢাকার সাভার ও আশুলিয়া, নারায়ণগঞ্জে শ্রমিকদের এই আন্দোলন এক পর্যায়ে সহিংস হয়েছে। মারা যান একজন শ্রমিক।
সংঘর্ষের পর গাজীপুরে অবরোধ প্রত্যাহার, ‘নাশকতায়’ গ্রেপ্তার ২০