মুন্সীগঞ্জে ধর্ষণের অভিযোগে গার্মেন্টস মালিক গ্রেপ্তার

আপডেট : ১৫ নভেম্বর ২০২৬, ০১:২৩ পিএম

মুন্সীগঞ্জের সিরাজদীখানে এক নারী গার্মেন্টস কর্মীর কিশোরী মেয়েকে ধর্ষণের অভিযোগে আনোয়ার হোসেন রাজু (৬০) নামে এক ক্ষুদ্র গার্মেন্টসের মালিককে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৪ নভেম্বর) রাতে রাজধানীর ঢাকার ইসলামপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তার আনোয়ার হোসেন জেলার সিরাজদীখান উপজেলার জৈনসার ইউনিয়নের কাঠালতলী খারাকান্দি গ্রামের প্রয়াত শেখ সমন আলীর ছেলে।

গত বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে উপজেলার কাঠালতলী খারাকান্দি গ্রামের ইন্ডিয়ান টেক্সটাইল নামের একটি ক্ষুদ্র গার্মেন্টসের ভেতরে এ ধর্ষণের ঘটনা ঘটে বলে অভিযোগ উঠেছে। পরদিন শুক্রবার (১৩ নভেম্বর) রাতে ভুক্তভোগী কিশোরীর মা ও ওই প্রতিষ্ঠানের নারী কর্মী বাদী হয়ে সিরাজদীখান থানায় মামলা দায়ের করেন।

সিরাজদীখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন জানান, ওই গার্মেন্টসে মূলত তৈরি পোশাকের এমব্রয়ডারির কাজ করা হয়। সেখানে ৭০ থেকে ৮০ জন শ্রমিক কাজ করেন। ভুক্তভোগী কিশোরীর মা দুই মাস ধরে সেখানে কাজ করছেন। মায়ের কাজের সুবাদে প্রায়ই গার্মেন্টসে যাতায়াত করত ওই কিশোরী এবং মাকে কাজে সহযোগিতা করত।

গত বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে গার্মেন্টসের মালিক আনোয়ার হোসেন ওই কিশোরীকে নিজের কক্ষে ডেকে নেন। এ সময় দরজা বন্ধ করে তাকে জোরপূর্বক ধর্ষণ করেন বলে অভিযোগ রয়েছে। পরে কক্ষের ভেতরে তাকে তালাবদ্ধ করে রাখা হয়। পরে কিশোরীর মা ও অন্য কর্মীরা তাকে উদ্ধার করেন।

ওসি আরও জানান, শুক্রবার মধ্যরাতে অভিযুক্ত আনোয়ার হোসেনের বিরুদ্ধে থানায় মামলা করা হয়। শনিবার মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে কিশোরীর ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়। একই দিন রাতে ঢাকার ইসলামপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে সিরাজদীখান থানা-পুলিশ।

সর্বশেষ সর্বাধিক পঠিত