গাজীপুরের শ্রীপুরে একটি খাবার হোটেলের গ্যাস সিলিন্ডার থেকে লাগা আগুনে দুবাইপ্রবাসীর ১৩টি বসতঘর পুড়ে গেছে। আগুনে ঘরগুলোর আসবাবপত্রসহ মূল্যবান মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
রবিবার (১৫ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে শ্রীপুর পৌরসভার গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকার ডেনিম্যাক কারখানার সামনে দুবাইপ্রবাসী নিশাত ঢালীর বাড়িতে এ অগ্নিকাণ্ড ঘটে। খবর পেয়ে শ্রীপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
প্রবাসীর স্বজন বাবুল মিয়া জানান, প্রায় দেড় বছর আগে দুবাইপ্রবাসী নিশাত ঢালী ১৩টি বসতঘর ও দুটি দোকানসহ বাড়িটি কিনেন। বাড়ির ঘরগুলো স্থানীয় বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকদের কাছে ভাড়া দেওয়া ছিল। দুটি দোকানের একটিতে খাবার হোটেল ভাড়া দেওয়া ছিল। আজ সকালে ওই হোটেলের গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন পাশের বসতঘরগুলোতে ছড়িয়ে পড়ে। স্থানীয় লোকজন প্রথমে আগুন নেভানোর চেষ্টা করেন। পরে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। আগুনে ১৩টি বসতঘর ও সেগুলোর আসবাবপত্র পুড়ে গেছে।
শ্রীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার নুরুল করিম বলেন, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে যায়। হোটেলের গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হয়। দীর্ঘ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। এরই মধ্যে ১৩টি বসতঘর পুড়ে গেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে জানানো যাবে।
শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভানোর কাজ শুরু করেন। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।