রাবিতে বিক্ষোভ

পতিত ফ্যাসিবাদী অপশক্তির নাশকতার প্রতিবাদ

আপডেট : ১৫ নভেম্বর ২০২৬, ০৪:৪৯ পিএম

দেশব্যাপী পতিত ফ্যাসিবাদী অপশক্তি ও নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সন্ত্রাসী ও নাশকতামূলক কর্মকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষক, কর্মকর্তা- কর্মচারী এবং সাধারণ শিক্ষার্থীরা।

রবিবার (১৫ নভেম্বর) বেলা ১২টায় বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবন প্রাঙ্গণ থেকে প্রতিবাদ মিছিলটি শুরু হয়। পরে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সমাবেশের মাধ্যমে কর্মসূচি শেষ হয়।

সমাবেশে বক্তারা বলেন, দীর্ঘ ১৭ বছর আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ডে অতিষ্ঠ হয়ে সাধারণ মানুষ ২০২৪ সালের গণঅভ্যুত্থানের মাধ্যমে তাদের ক্ষমতাচ্যুত করেছে। পতিত সেই শক্তি আবারও দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করে ফিরে আসার চেষ্টা করলে দেশের মানুষ তা মেনে নেবে না। তাদের যেকোনো সন্ত্রাসী ও নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিহত করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

রাবি শাখা ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহী বলেন, “২০২৪ সালের গণঅভ্যুত্থানে রাজপথে আন্দোলনকারীদের ওপর হামলা চালানো হয়েছিল। বর্তমানে শেখ হাসিনা ভারতে অবস্থান করলেও তার ইশারায় ও ভারতের আশ্রয়ে বাংলাদেশে নাশকতামূলক কর্মকাণ্ড চালানোর চেষ্টা হচ্ছে বলে আমরা মনে করি। এসব নাশকতা প্রতিরোধে সবাইকে সচেতন ও ঐক্যবদ্ধ হতে হবে। কোথাও কাউকে নাশকতায় জড়িত দেখলে আইন নিজের হাতে না নিয়ে তাকে প্রশাসনের হাতে তুলে দিতে হবে।”

ইসলামের ইতিহাস বিভাগের অধ্যাপক ড. মো. ফজলুল হক বলেন, বাংলাদেশে বিভিন্ন আন্দোলনের মধ্য দিয়ে প্রতিবাদের চর্চা গড়ে উঠেছে। বাংলাদেশের নেতৃত্বে থাকা শেখ হাসিনার পতন হয়েছে। এর মধ্য দিয়ে ১৭ বছরের অত্যাচার-নির্যাতনের বিরুদ্ধে আন্দোলনের মাধ্যমে একটি স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়িত হয়েছে। এখন আমাদের দায়িত্ব হচ্ছে, বাংলাদেশে যেন এমন পরিস্থিতি দ্বিতীয়বার ফিরে না আসে, সে বিষয়ে সচেতন থাকা। তাহলে ফ্যাসিবাদ আর কখনোই ফিরে আসতে পারবে না।

উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মামুনুর রশীদ বলেন, “দীর্ঘ ১৭ বছরের আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে আমরা ৫ আগস্ট ফ্যাসিবাদী শাসনের অবসান ঘটিয়েছি। পরবর্তী সময়ে ১২ ফেব্রুয়ারির নির্বাচনের মাধ্যমে দেশে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়েছে। কিন্তু পরাজিত ফ্যাসিবাদী শক্তি এখনো বিভিন্নভাবে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। আমরা প্রত্যেকে নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালন করলে এ দেশে আর কখনো ফ্যাসিবাদ ফিরে আসতে পারবে না। তাই সবাইকে ঐক্যবদ্ধ ও সজাগ থাকার আহ্বান জানাই।”

বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. আব্দুল আলীম বলেন, “আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে, ঐক্যের কোনো বিকল্প নেই। আমরা যে রক্ত দিয়েছি, যে ত্যাগ স্বীকার করেছি, তার মর্যাদা রক্ষা করতে হবে। আগামী দিনে বাংলাদেশ গণতান্ত্রিক শাসনব্যবস্থার মধ্য দিয়ে এগিয়ে যাবে। কোনো ধরনের অগ্নিসংযোগ, নাশকতা কিংবা সরকারি-বেসরকারি স্থাপনায় হামলা যেন না ঘটে, সে বিষয়ে সবাইকে সজাগ ও ঐক্যবদ্ধ থাকতে হবে।”

বিক্ষোভ মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সচিব আসলাম রেজা, রেজিস্ট্রার এ এইচ এম আসলাম হোসেন, জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক ড. এস. এম. কামরুজ্জামান, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. এ. এইচ. এম. খুরশীদ আলম, কলা অনুষদের সাবেক ডিন অধ্যাপক ড. ফজলুল হকসহ বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও সাধারণ শিক্ষার্থীরা।




সর্বশেষ সর্বাধিক পঠিত