বিদ্যালয়ে প্রথম থেকে নবম শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে লিখিত পরীক্ষার পরিবর্তে লটারি পদ্ধতি বহালের নির্দেশনা চেয়ে করা রিট আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে স্কুলে ভর্তির ক্ষেত্রে লটারি ও পরীক্ষা- দুই পদ্ধতিরই সুবিধা-অসুবিধা রয়েছে বলে পর্যবেক্ষণ দিয়েছেন আদালত। তবে পরীক্ষার মাধ্যমে মেধাবী শিক্ষার্থীরা ভর্তির সুযোগ পেতে পারে বলে মনে করেন আদালত।
রবিবার (১৫ নভেম্বর) বিচারপতি শিকদার মাহমুদুর রাজী ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী জাহিদুর রহমান তালুকদার। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নূর মুহাম্মদ আজমী।
আদেশের পর ডেপুটি অ্যাটর্নি জেনারেল নূর মুহাম্মদ আজমী জানান, ভর্তি পরীক্ষার পরিবর্তে লটারি পদ্ধতি বহালের নির্দেশনা চেয়ে করা রিটটি সরকারের নীতিগত সিদ্ধান্তের বিষয় বিবেচনায় খারিজ করেছেন আদালত।
অন্যদিকে, রিট আবেদনকারী পক্ষের আইনজীবী জাহিদুর রহমান তালুকদার বলেন, স্কুলে ভর্তির ক্ষেত্রে লটারি ও পরীক্ষা- দুই পদ্ধতিরই সুবিধা-অসুবিধা রয়েছে বলে আদালত পর্যবেক্ষণ দিয়েছেন। তবে পরীক্ষার মাধ্যমে মেধাবী শিক্ষার্থীরা ভর্তির সুযোগ পেতে পারে বলে মনে করেন আদালত। এ ছাড়া বিষয়টি সরকারের নীতিগত সিদ্ধান্তের আওতাভুক্ত হওয়ায় এ বিষয়ে আদালতের হস্তক্ষেপের সুযোগ নেই। এ বিবেচনায় রিট আবেদনটি উত্থাপিত হয়নি মর্মে খারিজ করা হয়েছে।
করোনাভাইরাসের সংক্রমণের কারণে ২০২১ শিক্ষাবর্ষে দেশের সব শ্রেণিতে লটারির মাধ্যমে শিক্ষার্থী ভর্তি কার্যক্রম শুরু হয়। এরপর থেকে এই পদ্ধতিতেই শিক্ষার্থী ভর্তি করা হচ্ছিল। তবে গত ১৬ মার্চ শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এক আদেশে লটারি পদ্ধতি বাতিল করে।
পরবর্তী সময়ে গত ১৩ অক্টোবর ২০২৭ শিক্ষাবর্ষে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তির নীতিমালা প্রকাশ করে শিক্ষা মন্ত্রণালয়। নতুন নীতিমালা অনুযায়ী, প্রথম শ্রেণিতে ভর্তির জন্য ডিজিটাল লটারির মাধ্যমে শিক্ষার্থী নির্বাচন করা হবে। অন্যদিকে, দ্বিতীয় থেকে নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থী ভর্তি করা হবে লিখিত পরীক্ষার মাধ্যমে।
লটারি পদ্ধতি বাতিলের সরকারি সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদনটি করেন মুভমেন্ট ফর হিউম্যান রাইটস অ্যান্ড গুড গভর্ন্যান্স ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মিনহাজ উদ্দিন আহমেদ। দেশের সব বিদ্যালয়ে প্রথম থেকে নবম শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে লিখিত পরীক্ষার পরিবর্তে লটারি পদ্ধতি বহাল এবং লিখিত পরীক্ষার সিদ্ধান্ত বাতিলের নির্দেশনা চাওয়া হয়েছিল ওই আবেদনে।
রিট আবেদনটি প্রথমে বিচারপতি এস এম মনিরুজ্জামান ও বিচারপতি এস এম ইফতেখার উদ্দিন মাহমুদের হাইকোর্ট বেঞ্চে শুনানির জন্য ওঠে। তবে গত ১৪ অক্টোবর বেঞ্চটি কার্যতালিকা থেকে আবেদনটি বাদ দেন। পরবর্তী সময়ে রবিবার আবেদনটি খারিজ করে দেন হাইকোর্ট।