গণপিটুনিতে ময়মনসিংহে যুবলীগ নেতার ভাইয়ের মৃত্যুর অভিযোগ

আপডেট : ১৬ নভেম্বর ২০২৬, ১১:৫১ এএম

ময়মনসিংহ নগরীতে স্বেচ্ছাসেবক দলের নেতা সুরুজ জামানকে হত্যার ঘটনায় অভিযুক্ত যুবলীগ নেতার ছোট ভাই মেহেদী হাসানকে পিটিয়ে হত্যা করা অভিযোগ উঠেছে স্থানীয় লোকজনের বিরুদ্ধে। সোমবার (১৬ নভেম্বর) ভোরে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

রবিবার (১৫ নভেম্বর) রাতে নগরীর মধ্য বাড়েরা এলাকায় এই ‘গণপিটুনি’র ঘটনা ঘটে। 

নিহত মেহেদী হাসান (৩১) নগরীর বাড়েরা মসজিদ মার্কেট এলাকার বাসিন্দা, তিনি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অঙ্গ সংগঠন যুবলীগের ময়মনসিংহ নগরের ২৬ নম্বর ওয়ার্ড কমিটির সভাপতি জাহাঙ্গীর আলমের ছোট ভাই। 

পুলিশও স্থানীয় জানায়, রবিবার  সন্ধ্যায় নগরীর মধ্য বাড়েরা এলাকায় ২৬ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সুরুজ জামানকে (৩৫) ছুরিকাঘাতে হত্যা করা হয়। নিহত সুরুজ জামানের চাচাতো ভাই সাদেক হোসেনের অভিযোগ, জাহাঙ্গীর আলম, তার ছোট ভাই মেহেদী হাসানসহ অন্য ভাইয়েরা মিলে সুরুজ জামানকে ছুরিকাঘাতে হত্যা করেছেন। এর প্রতিবাদে রাতেই ক্ষুব্ধ এলাকাবাসী ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বাইপাস এলাকায় অবরোধ করেন। 

পুলিশ জানায়,এক পর্যায়ে হত্যাকাণ্ডে অভিযুক্ত মেহেদীর বাড়িঘরে ভাঙচুর চালানো হয়। পরে গভীর রাতে স্থানীয় লোকজন মেহেদীকে ধরে গণপিটুনি দেন। এতে তিনি গুরুতর আহত হন। খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার ভোরে তার মৃত্যু হয়। বর্তমানে মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

এ ঘটনায় অভিযুক্ত যুবলীগ নেতা জাহাঙ্গীর আলমের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তার বক্তব্য পাওয়া যায়নি।

ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) আশরাফুল করিম বলেন, এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় পুলিশের টহল জোরদার করা হয়েছে।

 

সর্বশেষ সর্বাধিক পঠিত