চট্টগ্রামের পটিয়া উপজেলার বোর্ড অফিস এলাকায় ঈগল পরিবহনের একটি বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মো. ফারাজ (২১) নামের এক প্রবাসীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় মোটরসাইকেলে থাকা অপর একজন গুরুতর আহত হয়েছেন। ফারাজ লোহাগড়া উপজেলার মোহাম্মদ জাহাঙ্গীরের পুত্র।
সোমবার (১৬ নভেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার কুসুমপুরা ইউনিয়নের বোর্ড অফিস এলাকায় এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, চট্টগ্রাম শহরগামী ঈগল পরিবহনের একটি বাস (চট্টগ্রাম-জ ১১-০১৯৩) এবং চট্টগ্রাম শহর থেকে আসা একটি মোটরসাইকেলের (চট্ট মেট্রো-ল ২১-৮৮০২) মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী একজন ঘটনাস্থলেই মারা যান এবং অপরজন গুরুতর আহত হন। ও্ই ব্যক্তি সম্প্রতি প্রবাস থেকে দেশে ফিরেছিলেন বলে জানা গেছে।
কুসুমপুরা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শওকত আকবর বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মোটরসাইকেল আরোহী একজনকে মৃত অবস্থায় দেখতে পান। অপরজন গুরুতর আহত ছিলেন। পরে তাকে হাসপাতালে পাঠানো হয়। ওই দুজনের বাড়ি লোহাগাড়া উপজেলায় বলে জানতে পেরেছেন তিনি।
পটিয়া হাইওয়ে থানা পুলিশের এএসআই বেলাল উদ্দিন জানান, বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে নিহত মোটরসাইকেল চালকের মরদেহ উদ্ধার করা হয়েছে। বাসচালক পালিয়ে গেছেন। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় তদন্ত করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।