জোহানসবার্গ টেস্টের দ্বিতীয় দিনটা শুরু করেছিলেন লিটন দাস সেঞ্চুরি থেকে ৮ রান দূরে দাঁড়িয়ে। অপেক্ষাটা খুব একটা দীর্ঘ হয়নি তার। চতুর্থ ওভারেই সেঞ্চুরি পেয়েছেন। মার্কো ইয়ানসেনের বলে পুল করে ছক্কা মেরে সেঞ্চুরি পূর্ণ হয়। টেস্টে নিজের অষ্টম সেঞ্চুরি করে ভিন্নধর্মী একটা উদ্যাপনও করেছেন।
ব্যাট ও হেলমেট উঁচিয়ে তো ধরেছেনই। পকেট থেকে একটা কাগজও বের করেছেন। সেই কাগজে মেয়ের জন্য লেখা ছিল, ‘শুভ জন্মদিন আমার রাজকন্যা, এই সেঞ্চুরিটা তোমার জন্য...।’
লিটনের মেয়ে আনায়রা আজ তিন বছর পূর্ণ করেছেন। তারই উদযাপনটা করলেন লিটন সেঞ্চুরি উপহার দিয়ে।
১৫৫ বলে ১২ চার ও এক ছক্কায় উইকেটকিপার ব্যাটসমযান হিসেবে সপ্তম সেঞ্চুরি পূর্ণ করেন লিটন। ছাড়িয়ে যান মুশফিকুর রহিমের সর্বাধিক সেঞ্চুরির রেকর্ডকে। বিশ্ব ক্রিকেটে উইকেটকিপার-ব্যাটসম্যান হিসেবে লিটনের চেয়ে বেশি সেঞ্চুরি আছে চার জন- অ্যাডাম গিলক্রিস্ট (১৭), অ্যান্ডি ফ্লাওয়ার (১২), লিস অ্যামিস (৮) ও রিশাভ পান্তের (৮)।
শেষপর্যন্ত ডেন পিটারসনের বলে ১২০ রান করে আউট হয়েছেন লিটন। দলকে ৩৭০ রানে রেখে অষ্টম ব্যাটসম্যান হিসেবে আউট হন তিনি।