আশুলিয়ায় আন্দোলনে আহত শ্রমিকের মৃত্যু

আপডেট : ১৬ নভেম্বর ২০২৬, ০৪:২৪ পিএম

ঢাকার আশুলিয়ায় পোশাকশ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবিতে আন্দোলনে হামলায় আহত সেলিম (২৩) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তিনি একটি জুতার কারখানায় কাজ করতেন।

সোমবার (১৬ নভেম্বর) ভোর ৪টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে তার মৃত্যু হয়।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালটির পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. হাবিবুর রহমান। তিনি জানান, গত ৪ নভেম্বর বিকেলে আহত অবস্থায় ওই ব্যক্তিকে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। সেদিনই তাকে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় আজ সোমবার ভোরে তিনি মারা যান।

নিহত সেলিমের বাবা আব্দুর রহিম জানান, তাদের বাড়ি মাদারীপুরের কালকিনি থানার উত্তর কানাইপুর গ্রামে। বর্তমানে তাঁরা ঢাকার সাভারের সবুজবাগ এলাকায় থাকেন। দুই ভাইবোনের মধ্যে সেলিম ছিলেন ছোট। আশুলিয়ার কলমা আউচপাড়ার ট্রেন্ট সুজ নামে একটি জুতার কারখানায় কাজ করতেন সেলিম।

৪ নভেম্বর দুপুরে খাবার খাওয়ার পর কারখানার গেটের সামনে দাঁড়িয়ে ছিলেন তিনি। তার সঙ্গে আরও কয়েকজন সেখানে ছিলেন। মূলত তারা পোশাকশ্রমিকদের আন্দোলন দেখছিলেন। তখনই একদল লোক এসে তাদের ওপর অতর্কিত হামলা চালায় এবং লাঠি দিয়ে পেটাতে থাকে। এতে সেলিমের মাথায় গুরুতর আঘাত লাগে। সেলিম ছাড়াও তাঁর সঙ্গে থাকা আরও তিনজন আহত হন।

এরপর সেলিমকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে রাতে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়।

সর্বশেষ সর্বাধিক পঠিত