ডিসেম্বর মাসব্যাপী ‘বিজয় উৎসব’ পালন করবে ছাত্র ফেডারেশন

আপডেট : ১৬ নভেম্বর ২০২৬, ০৫:১২ পিএম

মহান বিজয় দিবস উপলক্ষে ১ ডিসেম্বর থেকে মাসব্যাপী ‘বিজয় উৎসব–২০২৬’ পালনের ঘোষণা দিয়েছে বাংলাদেশ ছাত্র ফেডারেশন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয়ভাবে এবং সারা দেশে সংগঠনটির বিভিন্ন শাখার উদ্যোগে এ কর্মসূচি পালন করা হবে।

সোমবার (১৬ নভেম্বর) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেয় সংগঠনটির কেন্দ্রীয় নির্বাহী কমিটি। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বাংলাদেশ ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক ফারহানা মানিক মুনা।

তিনি বলেন, বিজয়ের মাসের প্রথম প্রহরে সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে উৎসবের উদ্বোধন করা হবে। এ ছাড়া মুক্তিযুদ্ধের ইতিহাস, জাতীয় মুক্তির সংগ্রাম ও আগামীর বাংলাদেশ নিয়ে তিনটি আলোচনা সভার আয়োজন করা হবে।

ঘোষিত কর্মসূচির মধ্যে আরও রয়েছে মুক্তিযুদ্ধবিষয়ক তিনটি চলচ্চিত্র প্রদর্শনী, রচনা প্রতিযোগিতা, কুইজ, উন্মুক্ত ক্যানভাস, মুক্তিযুদ্ধে সংঘটিত গণহত্যার চিত্র প্রদর্শনী, বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা এবং বিজয় কনসার্ট। এ ছাড়া শহীদ বুদ্ধিজীবী দিবসে শ্রদ্ধাঞ্জলি অর্পণ ও বিজয় দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হবে।

তিনি আরও বলেন, মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচারের ভিত্তিতে রাষ্ট্র গঠনের যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল, তা প্রতিষ্ঠিত হয়নি। এ লক্ষ্য অর্জনে জনগণের মুক্তির সংগ্রামকে নতুন করে অনুসন্ধানের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরে সংগঠনটি।

এ সময় দেশের সব রাজনৈতিক দল, ছাত্রসংগঠন ও সামাজিক সংগঠনকে মহান বিজয় দিবস একই প্রয়াসে পালনের আহ্বান জানায় বাংলাদেশ ছাত্র ফেডারেশন।

সংবাদ সম্মেলনে সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি সৈকত আরিফসহ কেন্দ্রীয় ও বিশ্ববিদ্যালয় শাখার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ সর্বাধিক পঠিত