প্রত্যাবর্তনের পর আবার পুরনো ছন্দে ফিরলেন জ্যাক স্প্যারো-খ্যাত হলিউড তারকা জনি ডেপ। তার অভিনীত নতুন সিনেমা ‘এবেনেজার’ মুক্তির প্রথম দিনেই উত্তর আমেরিকার বক্স অফিসে শীর্ষস্থান দখল করেছে। চার্লস ডিকেন্সের বিখ্যাত উপন্যাস ‘আ ক্রিসমাস ক্যারল’ অবলম্বনে নির্মিত সিনেমাটি প্রথম দিনেই দর্শকদের মধ্যে সাড়া ফেলেছে।
১৩ নভেম্বর উত্তর আমেরিকার ৩ হাজার ৫৩৫টি ক্ষাগৃহে মুক্তি পায় সিনেমাটি। প্রথম দিনেই এর আয় দাঁড়িয়েছে ৬৭ লাখ মার্কিন ডলার। প্রথম সপ্তাহান্তে আয় ১ কোটি ৮০ লাখ থেকে ২ কোটি ডলারে পৌঁছাতে পারে বলে ধারণা করা হচ্ছে। আন্তর্জাতিক বাজারের আয় যুক্ত হলে বিশ্বব্যাপী ছবিটির আয় ৪ কোটি ডলারে পৌঁছানোর সম্ভাবনা রয়েছে।
টিআই ওয়েস্ট পরিচালিত ‘এবেনেজার’-এ এবেনেজার স্ক্রুজ চরিত্রে অভিনয় করেছেন জনি ডেপ। গল্পে দেখা যায়, কৃপণ ব্যবসায়ী স্ক্রুজের জীবনে হাজির হয় অতীত, বর্তমান ও ভবিষ্যতের বড়দিনের তিন প্রেতাত্মা। তাদের আগমনের মধ্য দিয়ে নিজের জীবন ও আচরণ নিয়ে নতুন করে ভাবতে শুরু করেন তিনি।প্যারামাউন্ট প্রযোজিত সিনেমাটির নির্মাণ ব্যয় ৩ কোটি ৮০ লাখ ডলার। দর্শকদের কাছ থেকে এটি ‘এ মাইনাস’ সিনেমাস্কোর পেয়েছে।
২০১৮ সালে মুক্তি পাওয়া ‘ফ্যান্টাস্টিক বিস্টস : দ্য ক্রাইমস অব গ্রিন্ডেলওয়াল্ড’-এর পর এটিই জনি ডেপের প্রথম বড় স্টুডিও প্রযোজনার সিনেমা। সাবেক স্ত্রী অ্যাম্বার হার্ডের সঙ্গে আইনি লড়াই এবং নানা বিতর্কের কারণে দীর্ঘ সময় বড় স্টুডিওর সিনেমা থেকে দূরে ছিলেন এই অভিনেতা। এ সময়ে ‘মিনামাটা’ ও ‘জেন দু বারি’ সিনেমায় অভিনয়ের পাশাপাশি ‘মোদি, থ্রি ডেইজ অন দ্য উইং অব ম্যাডনেস’ পরিচালনা করেন তিনি।
জ্যাক স্প্যারো হয়ে ফিরছেন জনি ডেপ
আজীবন সম্মাননা পাচ্ছেন জনি ডেপ
কিং লুই হয়ে ফিরছেন জনি ডেপ