ফের আতঙ্কে বলিউডের বচ্চন পরিবার। এবার সরাসরি খুনের হুমকি পেলেন বলিউডের শাহেনশাহ অমিতাভ বচ্চন এবং তার ছেলে অভিনেতা অভিষেক বচ্চন। সোশ্যাল মিডিয়া পোস্ট করে এই হুমকি দিয়েছেন গ্যাংস্টার গোল্ডি ঢিলোঁ। শুধু তাই নয়, অমিতাভ ও অভিষেকের নাম উল্লেখ করে তিনি দাবি করেছেন, নিরাপত্তার জন্য যতই বুলেটপ্রুফ কাচের ব্যবস্থা করা হোক না কেন, তা তাদের রক্ষা করতে পারবে না। সম্প্রতি দিল্লি পুলিশের হাতে তার দুই সহযোগী গ্রেপ্তার হওয়ার পরেও মুম্বাইয়ে অমিতাভকে নিশানা করার পরিকল্পনা যে থামেনি, সেই দাবিও করেছেন তিনি।
সামাজিকে যোগাযোগ মাধ্যমে করা ওই পোস্টে গোল্ডি ঢিলোঁ জানিয়েছেন, দুই সহযোগী গ্রেপ্তার হলেও তাঁদের পরিকল্পনায় কোনও পরিবর্তন আসবে না। তার দাবি, মু্ম্্ইয়ে তার প্রায় ২০০ জন সহযোগী সক্রিয় রয়েছেন এবং তারা যে কোনো সময় হামলা চালানোর জন্য প্রস্তুত। পাশাপাশি শিখ সম্প্রদায়ের বিরুদ্ধে যারা মন্তব্য করবেন, তাদেরও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। যদিও ভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত খবরের দাবি, সমাজমাধ্যমে প্রকাশিত ওই পোস্টের সত্যতা এবং তাতে করা দাবিগুলি স্বাধীনভাবে যাচাই করা যায়নি।
এদিকে, গত এক মাসে অমিতাভের মুম্বইয়ের বাড়ি 'জলসা'কে লক্ষ্য করে তিনটি পৃথক বোমা হামলার হুমকি ইমেলও পাঠানো হয়েছিল। এর পর থেকেই বাড়ির নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। নিরাপত্তার কড়াকড়ি দেখা গিয়েছে অনুরাগীদের সঙ্গে অভিনেতার সাপ্তাহিক সাক্ষাতের সময়েও। প্রতি রবিবার জলসার বাইরে ভক্তদের সঙ্গে দেখা করেন অমিতাভ। গত ১ নভেম্বরও অনুরাগীদের শুভেচ্ছা জানাতে বেরিয়েছিলেন তিনি। তবে সেদিন তাকে দেখা যায় বুলেটপ্রুফ কাচের সুরক্ষাবেষ্টনীর ভেতরে।
সাধারণত একটি উঁচু মঞ্চে দাঁড়িয়ে ভক্তদের সঙ্গে দেখা করেন অভিনেতা। কিন্তু সেদিন সেই মঞ্চের তিন দিক কাচ দিয়ে ঘিরে রাখা হয়েছিল। তার ভিতর থেকেই অনুরাগীদের উদ্দেশে হাত নাড়েন তিনি। গোল্ডি ঢিলোঁর পোস্টে ১৯৮৪ সালের শিখবিরোধী দাঙ্গার প্রসঙ্গও উঠে এসেছে। ওই হিংসার জন্য দায়ী ব্যক্তিদের কখনও ক্ষমা করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। সেই প্রসঙ্গেই অমিতাভ ও অভিষেকের নাম উল্লেখ করা হয়েছে। ফলে নতুন করে বচ্চন পরিবারের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
অসুস্থ অমিতাভ বচ্চন, স্থগিত ‘কেবিসি’র শুটিং!
অডিশনে বাতিল, পরে সেই অমিতাভ বচ্চন-ই গড়লেন ইতিহাস!
এখন যাওয়ার সময় হয়েছে : অমিতাভ বচ্চন