চলছে কথার লড়াই

পরীকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন অপু

আপডেট : ১৬ নভেম্বর ২০২৬, ০৮:৩৭ পিএম

ঢাকাই সিনেমার বহুল চর্চিত দুই সিনিয়র-জুনিয়র অভিনেত্রী অপু বিশ্বাস ও পরীমনির মধ্যে চলছে কথার লড়াই। পরীমনির ব্যঙ্গাত্মক স্ট্যাটাসের জবাবে এবার নিজের অবস্থান স্পষ্ট করেছেন অপু বিশ্বাস। পরীমনিকে উদ্দেশ করে তিনি বলেছেন, তার সমপর্যায়ে পৌঁছানোর পর যেন তাকে নিয়ে পোস্ট করা হয়। 

অপু বিশ্বাস বলেন, ‘যারা আমাকে নিয়ে স্ট্যাটাস দেন, তারা আমাকে বেচতে চান।’ তবে ঠিক কে তাকে উদ্দেশ করে লিখেছেন, সে বিষয়ে নিজের সরাসরি জানা নেই বলে জানান এই অভিনেত্রী। অপুর ভাষ্য, ‘যে মানুষটি আমাকে নিয়ে স্ট্যাটাস দিয়েছেন, আই ডোন্ট নো, ওরা আমাকে বলেছে। আমি এখনো বলছি, বারবার বলব। আমি ওইভাবে ফেসবুক ব্যবহার করি না। আমার কিছু পারিবারিক বন্ধু আছে, তাদের কিছু পোস্ট আমার সামনে আসে, সেসব পোস্টে মন্তব্য করে থাকি।’

পরে পরীমনিকে ইঙ্গিত করে অপু বলেন, ‘যার ২৫টি সিনেমার মধ্যে ২০টি ফ্লপ, ৫টি আন্ডার প্রোডাকশন। সেই মানুষ আমার জায়গায়, আমার লেভেলে আসার পর আমাকে নিয়ে যেন পোস্ট করে, দ্যাটস ইট। আর কোনো কথা বলতে চাই না।’

চলচ্চিত্রে অভিনেত্রীদের কাজের সুযোগ নিয়ে চলমান আলোচনার প্রসঙ্গেও নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরেন ‘কোটি টাকার কাবিন’খ্যাত অপু। তিনি বলেন, ‘অপু বিশ্বাস বাংলাদেশে কাজ করেছেন কি না, তার প্রমাণ আপনারা। আশা করব, আপনারা আমার হয়ে দুই-একটা ভিডিও দেবেন।’

বর্তমানে অভিনয়ের পাশাপাশি সন্তান লালন-পালন ও ব্যবসায় মনোযোগী হওয়ার কথাও জানান অপু বিশ্বাস। তার ভাষায়, ‘আমি এখন সন্তানের মা। পাশাপাশি ব্যবসা করছি। অবশ্যই আরও ভালো ব্যবসা করার চেষ্টা করছি। ইনশাআল্লাহ করব। একটা মানুষ একটা সেক্টরে সারা জীবন থাকে না। যেমন শাহরুখ খান, ঐশ্বরিয়া, প্রিয়াঙ্কা চোপড়া নেই। এ ক্ষেত্রে বড় বড় দেশকে অনুসরণ করতে হবে। একটা জায়গায় বসে থাকলে হবে না।’

অপু ও পরীর মধ্যে এই বাক্যবিনিময়ের সূত্রপাত হয় ব্র্যান্ড প্রচারের বিষয়ে অপুর একটি ভিডিওবার্তাকে কেন্দ্র করে। সেখানে অপু বলেছিলেন, ‘লাইভে এসে ব্র্যান্ড প্রমোট করলেই কেউ কখনো ব্র্যান্ড অ্যাম্বাসেডর হতে পারেন না।’ তার এই বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার জন্ম দেয়।

 

সর্বশেষ সর্বাধিক পঠিত