কেমব্রিজ অ্যাওয়ার্ড পেলেন ১৪১ বাংলাদেশি শিক্ষার্থী

আপডেট : ১৬ নভেম্বর ২০২৬, ০৯:৩৫ পিএম

অসামান্য সাফল্য অর্জনের স্বীকৃতিস্বরূপ দেশের বিভিন্ন অঞ্চলের ১৪১ জন শিক্ষার্থী অর্জন করেছেন মর্যাদাপূর্ণ ‘আউটস্ট্যান্ডিং কেমব্রিজ লার্নার অ্যাওয়ার্ডস’। জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সব মিলিয়ে তারা মোট ১৬৩টি পুরস্কার লাভ করেছেন। সোমবার (১৬ নভেম্বর) রাজধানীর ইউনাইটেড কনভেনশন সেন্টারে আয়োজিত এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে এসব সম্মাননা প্রদান করা হয়।

২০২৫ সালের নভেম্বর ও ২০২৬ সালের জুনে অনুষ্ঠিত কেমব্রিজ আইজিসিএসই, ও লেভেল এবং ইন্টারন্যাশনাল এএস ও এ লেভেল পরীক্ষায় অসাধারণ ফলাফলের ভিত্তিতে শিক্ষার্থীদের এই স্বীকৃতি দেওয়া হয়। কেমব্রিজ ইউনিভার্সিটি প্রেস অ্যান্ড অ্যাসেসমেন্টের ইন্টারন্যাশনাল এডুকেশন গ্রুপ এবং ব্রিটিশ কাউন্সিল যৌথভাবে এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করে।

এবারের আয়োজনে নির্দিষ্ট বিষয়ে বিশ্বে সর্বোচ্চ নম্বর অর্জন করে ‘টপ ইন দ্য ওয়ার্ল্ড’ অ্যাওয়ার্ড পেয়েছেন ৯৮ জন শিক্ষার্থী। পাশাপাশি বাংলাদেশে কোনো বিষয়ে সর্বোচ্চ নম্বর অর্জন করায় ৪৫ জন পেয়েছেন ‘টপ ইন বাংলাদেশ’ অ্যাওয়ার্ড। এছাড়া একাধিক বিষয়ে সামগ্রিক ফলাফলের ভিত্তিতে চারজন শিক্ষার্থী ‘বেস্ট অ্যাক্রস’ এবং তুলনামূলক কমসংখ্যক শিক্ষার্থী বেছে নেন এমন বিষয়ে অসাধারণ ফলের জন্য ১৬ জন ‘হাই অ্যাচিভমেন্ট’ স্বীকৃতি লাভ করেছেন।

কেমব্রিজ ইউনিভার্সিটি প্রেস অ্যান্ড অ্যাসেসমেন্টের বাংলাদেশের কান্ট্রি লিড সারওয়াত রেজার উদ্বোধনী বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। এতে ভিডিও বার্তার মাধ্যমে শুভেচ্ছা জানান কেমব্রিজ ইন্টারন্যাশনালের গ্রুপ ম্যানেজিং ডিরেক্টর রড স্মিথ। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ব্রিটিশ হাইকমিশনের ডেপুটি ডেভেলপমেন্ট ডিরেক্টর মার্টিন ডসন, কেমব্রিজ ইন্টারন্যাশনালের সাউথ এশিয়া রিজিওনাল ডিরেক্টর বিনয় শর্মা এবং ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর স্টিফেন ফোর্বস। বক্তারা বলেন, বাংলাদেশের শিক্ষার্থীদের এই সাফল্য তাদের মেধা, কঠোর পরিশ্রম ও সম্ভাবনার উজ্জ্বল নিদর্শন। সমাপনী বক্তব্যে ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর ও হেড অব মার্কেট জুনায়েদ আহমেদ সফল শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।

বিশ্বের ৪০টির বেশি দেশে মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের ভাল ফলাফলের স্বীকৃতি হিসেবে এই পুরস্কার প্রদান করা হয়ে থাকে। আন্তর্জাতিকভাবে স্বীকৃত এই শিক্ষাগত যোগ্যতা শিক্ষার্থীদের বিশ্লেষণী চিন্তা, গবেষণা এবং সংশ্লিষ্ট বিষয়ে গভীর জ্ঞান অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

 

সর্বশেষ সর্বাধিক পঠিত