শিক্ষার্থীদের শুধু চাকরিপ্রার্থী হিসেবে নয়, বরং উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে চায় বর্তমান সরকার। এ লক্ষে তরুণদের নতুন ব্যবসা ও উদ্ভাবনী উদ্যোগ গ্রহণে উৎসাহিত করা, প্রশিক্ষণ প্রদান এবং আর্থিক সহায়তার মাধ্যমে স্বাবলম্বী করে তোলার বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক ড. আব্দুল্লাহ-আল-মামুন।
সোমবার (১৬ নভেম্বর) বরিশাল বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ও নবীনবরণ অনুষ্ঠানে সম্মানিত অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
অধ্যাপক ড. মামুন বলেন, বর্তমান সরকার এমন একটি শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে চায়, যেখানে শিক্ষার্থীরা শুধু চাকরির জন্য নিজেদের প্রস্তুত করবে না; বরং নিজেদের জ্ঞান, মেধা, দক্ষতা ও সৃজনশীলতাকে কাজে লাগিয়ে নতুন কর্মসংস্থান সৃষ্টি করবে। একজন উদ্যোক্তা নিজে স্বাবলম্বী হওয়ার পাশাপাশি আরও অনেক মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি করেন। তাই শিক্ষার্থীদের মধ্যে উদ্যোক্তা হওয়ার মানসিকতা তৈরি করা এখন সময়ের দাবি।
তরুণ উদ্যোক্তা সৃষ্টি ও প্রযুক্তিনির্ভর কর্মসংস্থানের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, বর্তমান সরকার শিক্ষার্থীদের শুধু চাকরিপ্রার্থী হিসেবে নয়, বরং দক্ষ উদ্যোক্তা ও কর্মসংস্থান সৃষ্টিকারী হিসেবে গড়ে তুলতে চায়। সরকারের ২০২৬–২৭ অর্থবছরের বাজেটে তরুণ উদ্যোক্তাদের উৎসাহিত করতে ৫০০ কোটি টাকার স্টার্টআপ ফান্ডের প্রস্তাব করা হয়েছে। পাশাপাশি সৃজনশীল অর্থনীতির বিকাশে মোট ৮০০ কোটি টাকার উদ্যোগের কথা তুলে ধরা হয়েছে। এর মধ্যে ৩০০ কোটি টাকা সরাসরি বরাদ্দের প্রস্তাব এবং আরও ৫০০ কোটি টাকা করপোরেট সামাজিক দায়বদ্ধতা খাত থেকে সংগ্রহের পরিকল্পনা রয়েছে। এসব উদ্যোগ তরুণদের উদ্ভাবনী চিন্তাকে বাস্তব ব্যবসায়িক উদ্যোগে রূপান্তর এবং নতুন কর্মসংস্থান সৃষ্টিতে সহায়ক হতে পারে।
তিনি আরও বলেন, বাংলাদেশ ব্যাংকের ‘উদ্যোগ’ কর্মসূচিসহ তরুণ উদ্যোক্তাদের জন্য ঋণ ও আর্থিক সহায়তার বিভিন্ন উদ্যোগ রয়েছে। ব্যাংকঋণের উচ্চ সুদহারে উদ্যোক্তাদের ওপর তৈরি হওয়া অর্থনৈতিক চাপ কিছুটা লাঘব করতে ৬২ হাজার কোটি টাকার প্রণোদনা প্যাকেজ ঘোষণা করা হয়েছে।এসব কর্মসূচির মাধ্যমে নতুন উদ্যোক্তাদের ব্যবসা শুরু ও সম্প্রসারণের সুযোগ তৈরি হচ্ছে। তবে শুধু অর্থায়ন নয়, উদ্যোক্তাদের জন্য প্রশিক্ষণ, পরামর্শ, প্রযুক্তিগত জ্ঞান এবং বাজারের সঙ্গে সংযোগ তৈরিও অত্যন্ত গুরুত্বপূর্ণ।