ফোল্ডেবল স্মার্টফোনের বাজারে নতুন নকশা ও শক্তিশালী প্রসেসর নিয়ে ফিরতে পারে হুয়াওয়ের নোভা ফ্লিপ সিরিজ। আগামী বছর সিরিজটির পরবর্তী প্রজন্মের ফোনে বড় ধরনের পরিবর্তন আনার পরিকল্পনা করছে চীনা প্রযুক্তি প্রতিষ্ঠানটি। নতুন মডেলটিতে থাকতে পারে ৬ দশমিক ৩ ইঞ্চির প্রশস্ত ডিসপ্লে এবং হুয়াওয়ের ফ্ল্যাগশিপ কিরিন ৯-সিরিজের প্রসেসর।
চীনা মাইক্রোব্লগিং সাইট ওয়েইবোতে প্রকাশিত এক তথ্য ফাঁসের বরাতে প্রযুক্তিবিষয়ক বিভিন্ন প্রতিবেদনে এসব সম্ভাব্য তথ্য উঠে এসেছে। তবে হুয়াওয়ের পক্ষ থেকে এখনো নতুন ফোনটির নাম, নকশা কিংবা হার্ডওয়্যার সম্পর্কে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি।
গত বছরের অক্টোবরে চীনের বাজারে নোভা ফ্লিপ এস উন্মোচন করেছিল হুয়াওয়ে। আগের নোভা ফ্লিপের তুলনায় নতুন রং, কম দাম ও ভিন্ন চিপসেট যুক্ত করে মডেলটি বাজারে আনা হয়েছিল। তবে নতুন আসা ফোনটি শুধু সামান্য পরিবর্তনের মধ্যে সীমাবদ্ধ থাকবে না বলে ধারণা করা হচ্ছে।
নতুন ফোনটির অন্যতম বড় আকর্ষণ হতে পারে প্রসেসর। এতে হুয়াওয়ের ফ্ল্যাগশিপ কিরিন ৯-সিরিজের একটি চিপসেট ব্যবহারের সম্ভাবনা রয়েছে। পূর্বসূরি নোভা ফ্লিপ এস-এ ব্যবহৃত কিরিন ৮০৩০ প্রসেসরের তুলনায় বড় ধরনের আপগ্রেড হতে পারে। তবে সম্ভাব্য চিপসেটটির নির্দিষ্ট মডেল, উৎপাদনপ্রযুক্তি কিংবা পারফরম্যান্স সম্পর্কে এখনো বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। ফলে নতুন ফোনটির প্রকৃত সক্ষমতা সম্পর্কে নিশ্চিত হতে আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা করতে হবে।