 তারাগঞ্জ ট্র্যাজেডি

গণপরিবহনে নৈরাজ্যের অবসান ঘটবে কবে

আপডেট : ১৭ নভেম্বর ২০২৬, ১২:১৩ এএম

আমাদের গণপরিবহন যে যাত্রীবান্ধব হয়ে উঠতে পারেনি এর বহু নজিরই সামনে আছে। গণপরিবহনে ধর্ষণের শিকার হয়ে ধর্ষিতাকে হত্যাকাণ্ডের মতো মর্মন্তুদ নজির যেমন আছে, তেমনি চালক-হেলপারদের নানামাত্রিক অশোভন আচরণের ঘটনাও  অহরহই ঘটছে। ১৬ নভেম্বর দেশ রূপান্তরে ফের মর্মস্পর্শী ঘটনার বার্তা উঠে এসেছে। প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, রংপুরের তারাগঞ্জে ভাড়া নিয়ে তর্কাতর্কির জেরে চলন্ত বাস থেকে ফেলে দিয়ে দুই যাত্রীকে হত্যার অভিযোগ উঠেছে ওই বাসের চালক-কন্ডাক্টর ও হেলপারের বিরুদ্ধে। ওই যাত্রীদের সঙ্গে থাকা আরও একজনকে জিম্মি করে নির্যাতনের অভিযোগও উঠেছে। ১৫ নভেম্বর সকালে উপজেলার জিগাতলা এলাকায় ঘটনাটি ঘটে। স্থানীয়রা বাসটি আটক করে রংপুর-সৈয়দপুর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। পুলিশ বাসের চালক ও হেলপারকে গ্রেপ্তার করেছে।

গণপরিবহনে নৈরাজ্যের বহুমাত্রিক চিত্র সচেতন মানুষ মাত্রেরই অজানা নয়। তারাগঞ্জের ঘটনাটি ফের আমাদের দেখিয়ে দিয়েছে গণপরিবহনে দুর্বৃত্তরা কী দাপটে বিচরণ করছে। সড়ক-মহাসড়কে শুধু বিশৃঙ্খলাই নয়, পরিবহনের চালক-কন্ডাক্টর  কিংবা শ্রমিকদের উল্লেখযোগ্য অংশ  অনিয়মকেই নিয়মে পরিণত করেছে এবং অনেক ক্ষেত্রেই তারা হয়ে দাঁড়িয়েছে হন্তারক। ২০১৮ সালের ২৯ জুলাই রাজধানীর কুর্মিটোলায় বিমানবন্দর সড়কে জাবালে নূর পরিবহনের দুটি বাসের পাল্লাপাল্লিতে বাসচাপায় শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজের দুই শিক্ষার্থীর প্রাণহানি ঘটে। এরপর সারা দেশে গড়ে ওঠে তীব্র প্রতিবাদ। সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতকরণে প্রতিবাদ-প্রতিরোধের জন-ঢেউ এবং তাতে সরকারের গৃহীত পদক্ষেপ আমাদের আশ^স্ত করেছিল, জনবান্ধব গণপরিবহনব্যবস্থা নিশ্চিত হবে। কিন্তু এ খাতে বিরাজমান আঁধার যে এখনো কাটেনি তারাগঞ্জের ঘটনাটি এরই সাক্ষ্য বহন করছে।

তারাগঞ্জের ভয়াবহ ঘটনায় আমরা ক্ষুব্ধ, ব্যথিত। আমরা অনতিবিলম্বে এর আইনানুগ দৃষ্টান্তযোগ্য প্রতিবিধানের দাবি জানাই। এসব ক্ষেত্রে আমাদের অভিজ্ঞতা প্রীতিকর নয়। অনেক ক্ষেত্রেই আমরা দেখেছি, যথাযথ পদক্ষেপ নেওয়া হবে-হচ্ছের মধ্যেই অনেক ঘটনা থেকে গেছে প্রতিকারহীন। সমাজে যখন আইনের শাসন কথার কথা হয়ে দাঁড়ায় তখন তা নাগরিক সমাজের জন্য অত্যন্ত অপ্রীতিকর হয়ে দাঁড়ায়। আমরা আর কোনো তিক্ত অভিজ্ঞতা সঞ্চয় করতে নারাজ, আমরা চাই অভিযোগ খতিয়ে দেখে ত্বরিত আইনানুগ ব্যবস্থা। আমরা আবারও স্মরণ করিয়ে দিতে চাই, রাজধানীসহ দেশের বিভিন্ন নগরে-শহরে এমনকি উপজেলা পর্যায়েও গণপরিবহন ব্যবস্থার বেহাল দশা ও দীর্ঘদিনের নৈরাজ্যের বিষয়টি। পুরনো ও ফিটনেসবিহীন বাস, নির্দিষ্ট স্টপেজে না থামা, যেখানে-সেখানে যাত্রী ওঠানামা এবং অশোভন ও অসুস্থ প্রতিযোগিতার কারণে সাধারণ যাত্রীদের চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে।

গণপরিবহনে যাত্রী হেনস্তা-লাঞ্ছনার যদি যথাযথ ব্যবস্থার নজির থাকত তা হলে তারাগঞ্জ আরেকটি বেদনাকাতর অধ্যায় হয়ে উঠত না। আইনের দুর্বল প্রয়োগের কারণে পরিবহন শ্রমিক ও মালিকরা অনেক ক্ষেত্রে জবাবদিহির বাইরে থেকে যাচ্ছেন। গণপরিবহন কেবল যাতায়াতের মাধ্যম নয়, এটি একটি জনপদের সভ্যতারও পরিচয় বটে। আমরা মনে করি, রাজনৈতিক সদিচ্ছা ও কঠোর প্রশাসনিক পদক্ষেপের মাধ্যমে খাতটিকে শৃঙ্খলায় ফিরিয়ে আনা দুরূহ নয়। কিন্তু এখানেই ঘাটতি রয়েছে। যতক্ষণ এর উপশম না হবে ততক্ষণ সুশৃঙ্খল গণপরিবহন ব্যবস্থার আশা দুরাশার নামান্তর। পরিবহন খাতের চরম নৈরাজ্য নিরসনে আইন ও নিয়মনীতি প্রতিষ্ঠা করে স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে হবে সংশ্লিষ্ট দায়িত্বশীল মহলগুলোকে। ভাড়া নৈরাজ্য, সড়কে বেপরোয়া গতির মতো ঘটনাগুলো জনজীবনকে যেভাবে বিপর্যস্ত করে তুলেছে এর অবসানে নিশ্চিত করতে হবে সুশাসন। তারাগঞ্জের মর্মান্তিক ঘটনা ফের সেই তাগিদই দিয়েছে, তা যেন দায়িত্বশীলরা ভুলে না যান। ভাড়া নিয়ে কথাকাটি হলেই যাত্রীদের সঙ্গে দুর্ব্যবহার, এমনকি চলন্ত গাড়ি থেকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার মতো বর্বরোচিত ঘটনাও ঘটছে। এর যাতে পুনরাবৃত্তি না ঘটে তার দায় সংশ্লিষ্ট সবার। সড়ক পরিবহন আইন বাস্তবায়নে নির্মোহ অবস্থান নিতে হবে। অপরাধী যে-ই হোক, তাকে শাস্তির আওতায় আনতে হবে। চালকদের লাইসেন্স প্রদানের ক্ষেত্রে স্বচ্ছতা নিশ্চিত করতে হবে এবং চালকসহ তার সহকারীদের নিয়মিত প্রশিক্ষণ ও কাউন্সেলিংয়ের ব্যবস্থা করাও সমভাবেই গুরুত্বপূর্ণ। পরিবহন খাতের সিন্ডিকেট ভেঙে দিয়ে একটি জবাবদিহিমূলক কাঠামো তৈরি করতে হবে। বাড়াতে হবে নজরদারি-তদারকি। অভিযুক্ত কাউকেও ছাড় দেওয়া যাবে না।   

সর্বশেষ সর্বাধিক পঠিত