১৭ নভেম্বর, ১৯৭৬ রাত সোয়া ৮টায় মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর মৃত্যু সংবাদ শোনামাত্র ছুটে যাই ঢাকা মেডিকেলের তিন তলার পরিচিত কেবিনে। করিডরে উৎসুক মানুষ আর ভাসানীর অনুসারীদের ভিড়। ভিড় ঠেলে কেবিনের দরজায় ধাক্কা দিই। দরজা ভেতর থেকে বন্ধ। দরজা খোলা মাত্র ভেতরে ঢুকে দেখি চিরশয়ানে নিথর ভাসানী। গণমাধ্যমের ফটো সাংবাদিকদের ছবি তোলার হিড়িক। শব ট্রলিতে উঠিয়ে নিচে রওনার প্রাক্কালে ট্রলি ধরতে অনেকে ঝাঁপিয়ে পড়ায় ট্রলির পেছনের দিক খুলে অনভিপ্রেত অবস্থার সৃষ্টি হয়েছিল। ভাগ্যিস পারভেজ ভাই (বাংলা একাডেমির সামনের সড়কে গাড়ি দুর্ঘটনায় নিহত ইউপিপি নেতা) দ্রুত ঝাঁপিয়ে ট্রলির পেছনের অংশ তুলে না ধরলে কেলেঙ্কারি ঘটে যেত। ট্রলি ঠিক করে নিচের আউটডোরের বিশাল বারান্দায় শব রাখা হলো। রাত ১০টায় ঢাকা মেডিকেল চত্বর লোকে লোকারণ্য। সামরিক শাসনের সেই ক্রান্তিকালে অত রাতে কেউ ঘরের বাইরে থাকার সাহস করত না। কিš‘ সেদিনের রাতটি হাজারো মানুষের সরব উপস্থিতি-আহাজারিতে ভিন্ন মাত্রা পেয়েছিল। রাজনৈতিক নেতৃবৃন্দ ছাড়াও এলেন প্রেসিডেন্ট বিচারপতি সায়েম।
রাত বাড়ছে কিন্তু দর্শনার্থীদের ভিড় কমছে না। দর্শনার্থীদের সুবিধার কথা বিবেচনা করে লাশ বারান্দার মাঝখান থেকে সরিয়ে দক্ষিণ-পূর্ব পাশে আনা হয়। যেন সারিবদ্ধ মানুষ লাইন ধরে মৃত ভাসানীকে দেখতে পারে। রাত ২টার দিকে দর্শনার্থী কমে এলে মরদেহ বারান্দার পশ্চিম দিকে নিয়ে চারদিকে কাপড় টাঙিয়ে শেষ গোসলের আয়োজন করা হয়। গোসলে অংশ নেওয়া মৌলভীর আহ্বানে আমি নিজেও যোগ দিই। কুসুম গরম পানিতে মৃত ভাসানীকে গোসল করানোর ফাঁকে মৃত্যুর পূর্বে লন্ডনে করা অপারেশনের শুকিয়ে যাওয়া ক্ষতস্থান ধরে দেখলাম, হিমশীতল। কাফনে আবৃত করে বারান্দার মাঝখানে লাশ এনে রাখা হলো। লাশের চারপাশে বড় বড় বরফের চাঁই দেওয়া হলো। ডিউটিরত পুলিশেরা দেয়ালে হেলান দিয়ে ঝিমুচ্ছেন। মরদেহের সামান্য দূরে বসে প্রখ্যাত শিল্পী মোস্তফা আজিজ এঁকে চলেছেন ভাসানীর শব ও পারিপার্শ্বিক দৃশ্যাবলি। নিদ্রাচ্ছলে দেয়ালে হেলান দেওয়া পুলিশের স্কেচ শিল্পীর খাতায় দেখে কতিপয় পুলিশ তীব্র আপত্তি জানালে আমাদের প্রতিরোধে চুপ হয়ে যায়।
ভোরের পূর্বে ট্রাক এলো। মরদেহ এবং বরফের চাঁই তুলে রওনা হলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে। ভাসানীর মরদেহ রাখা হলো টিএসসির অডিটোরিয়ামের পূর্ব-উত্তর কোণে। অন্ধকার কেটে ভোরের আকাশে আলো ফোটামাত্র নেমে আসে অগণিত মানুষের ঢল। শ্রদ্ধা জানাতে আসা মানুষের লাইন দীর্ঘতর হয়। ক্রমেই মানুষের ঢল বাড়ছেই। সকাল সাড়ে ৯টায় চলচ্চিত্রকার আলমগীর কবীরের সঙ্গে এলেন উপমহাদেশের প্রখ্যাত সংগীত শিল্পী ভূপেন হাজারিকা। আলমগীর কবীরের সীমানা পেরিয়ে ছবির সংগীতের কাজে তখন তিনি ঢাকায় এসেছিলেন। ভূপেন হাজারিকা টিএসসির উত্তর-দক্ষিণের লম্বা বারান্দার মাঝামাঝিতে অনেকক্ষণ থাকায় তার সঙ্গে আগ বাড়িয়ে কথা বলেছিলাম। জিজ্ঞেস করেছিলাম ভাসানী সম্পর্কে। তিনি আসামের অধিবাসী। মওলানা ভাসানী দীর্ঘকাল আসামে ছিলেন এবং মুক্তিযুদ্ধের ৯ মাসও ভারতে ছিলেন। ভাসানী ও তার রাজনীতি সম্পর্কে পরিষ্কার ধারণা ভূপেনের ছিল বলেই অকপটে বলেছিলেন, সাম্রাজ্যবাদবিরোধী ভাসানীর অনড় অবস্থানের কারণে ভাসানীর প্রতি তার গভীর শ্রদ্ধার কথা। ভারতবর্ষের বড় মাপের শীর্ষ জাতীয়তাবাদী নেতাদের থেকে ভাসানীকে সহজে চেনা যায় তার রাজনীতির কারণেই। মেহনতি-শোষিত মানুষের মুক্তিসংগ্রামে আজীবন লড়েছেন। বিচ্যুত হননি কখনো। ভাসানীকে দেখতে আসা মানুষের ঢল উপেক্ষা করে সোহরাওয়ার্দী উদ্যানে নেওয়া হয় জানাজার জন্য। সোহরাওয়ার্দী উদ্যানে বিশাল জনসমুদ্রে জানাজা শেষে ট্রাকযোগে লাশ হেলিপোর্টে রওনা হলে আমরা গাড়িতে রওনা হলাম সন্তোষ অভিমুখে। সন্তোষে দাফন শেষে শেষ বিকেলে আবার ঢাকার পথে পাড়ি দিই। মওলানা ভাসানী কেবল সাম্রাজ্যবাদবিরোধীই ছিলেন না, সাম্রাজ্যবাদের বিরুদ্ধে দৃঢ়তায় কীভাবে লড়তে হয় সে শিক্ষাও দিয়ে গেছেন। তার রাজনৈতিক জীবন বর্তমান প্রজন্মের কাছে তুলে ধরা জরুরি। তরুণরাই তো আমাদের ভরসার কেন্দ্রে। তাদের প্রতিই আমাদের সব প্রত্যাশা। মওলানা ভাসানীর বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে প্রকৃত শত্রুকে তিনি যথার্থই চিহ্নিত করতে পেরেছিলেন। সাম্রাজ্যবাদ-পুঁজিবাদবিরোধী তার অনড় অবস্থান সে প্রমাণই দেয়। বৈষম্যপূর্ণ সমাজ ও রাষ্ট্রের অবসানে সারাটি জীবন লড়েছেন। আত্মসমর্পণ করেননি। নিজ দলের বর্ণচোরা চরম সুবিধাবাদী ডানপন্থিদের দৌরাত্ম্যে প্রকৃত বামেরা দলে টিকতে না পেরে ভাসানীকে ডানপন্থি-সুবিধাবাদীদের কবলে ফেলে জনবিচ্ছিন্ন গোপন রাজনীতিতে চলে যান। ন্যাপেও ভাসানী আজীবন থাকেননি। ন্যাপের সুবিধাবাদী চক্রের মতলব আঁচ করে ন্যাপ থেকে পদত্যাগ করেছিলেন।
১৭ নভেম্বর ১৯৭৬ শোক এবং স্মৃতিময় একটি দিন। এ দিনের শোক সামষ্টিক। এ দিনে বিদায় নেন মেহনতি-শ্রমজীবী, নির্যাতিত-নিপীড়িত মানুষের কান্ডারি, শোষণ-বঞ্চনার বিরুদ্ধে আমৃত্যু আপসহীন সংগ্রামী জননেতা মওলানা ভাসানী। তার মৃত্যুর ৫০ বছর পূর্ণ হলো। সিরাজগঞ্জের ধানগড়া গ্রামে নিম্নবিত্ত কৃষক পরিবারে তার জন্ম। শৈশবেই পিতৃ-মাতৃ স্নেহবঞ্চিত-অনাথ চেগা মিয়া চাচার আশ্রিত এবং চাচাই তাকে প্রতিপালন করেন। প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি হয়ে তিনি বেশি দূর এগোতে পারেননি। পরে ভর্তি হন পশ্চাৎপদ মাদ্রাসা শিক্ষায়। ভারতের দেওবন্দ থেকে শিক্ষা সমাপ্ত শেষে হতে পারতেন মাদ্রাসা শিক্ষক, মসজিদের পেশ ইমাম-মুয়াজ্জিম, ওয়াজের বক্তা, ফতোয়াবাজ কিংবা ধর্মভিত্তিক দল ও মতের সাম্প্রদায়িক নেতা। তিনি এর কোনোটিই হননি। ভাসানী শিক্ষার বৃত্ত ও সময়কে অতিক্রম করে মানব-মুক্তির সংগ্রামে যুক্ত হয়েছিলেন। তার অসীম সাহস আর নির্ভীক চেতনালব্ধ রাজনীতি আতঙ্কিত করেছিল স্থানীয় সামন্তদের যেমন, তেমনি সাম্রাজ্যবাদী চক্রকেও। অবিচল ছিলেন মেহনতি মানুষের মুক্তির সংগ্রামে। বিনম্র শ্রদ্ধা মেহনতি মানুষের নেতা ভাসানীকে।
লেখক : নির্বাহী সম্পাদক, নতুন দিগন্ত