উপসাগরীয় অঞ্চলে উত্তেজনা অব্যাহত থাকার মধ্যে বাহরাইনে অবস্থিত মার্কিন সামরিক রাডার ব্যবস্থাকে লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে ইরান। প্রায় নয় মাস ধরে চলা যুদ্ধের মধ্যে হরমুজ প্রণালিতে নৌ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করতে তেহরান ও ওমানের মধ্যে আলোচনা চললেও অঞ্চলটির পরিস্থিতি এখনো উত্তপ্ত। খবর রয়টার্স।
ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) জানিয়েছে, মঙ্গলবার (১৭ নভেম্বর) বাহরাইনের শেখ ইসা সামরিক ঘাঁটিতে অবস্থিত রাডার ব্যবস্থাকে লক্ষ্য করে এ হামলা চালানো হয়েছে। বাহরাইন উপসাগরীয় আরব দেশগুলোর অন্যতম এবং সেখানে যুক্তরাষ্ট্রের পঞ্চম নৌবহরের সদর দপ্তর অবস্থিত।
বাহরাইন জানিয়েছে, বিমান হামলার সতর্কতা জারি করে নাগরিকদের নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশ দেওয়ার পর হামলাটি প্রতিহত করা হয়েছে। এ ঘটনায় হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।
এর আগে গত রবিবারও ইরানের বেশ কয়েকটি আকাশপথে চালানো হামলা প্রতিহত করার দাবি করে বাহরাইন। সেদিন ইরান জানিয়েছিল, যুক্তরাষ্ট্রের কথিত বৈরী কর্মকাণ্ডের জবাবে তারা আল-রিফা হেলিকপ্টার ঘাঁটিতে অবস্থিত মার্কিন রাডার ব্যবস্থাকে লক্ষ্যবস্তু করেছে।
এদিকে যুদ্ধ কার্যত অচলাবস্থায় পৌঁছেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তেহরান কিংবা ইয়েমেনে ইরান-সমর্থিত হুথি গোষ্ঠীর পক্ষ থেকে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে উসকানিমূলক কোনো পদক্ষেপ না এলে ইরানে নতুন করে হামলা চালানো থেকে বিরত থাকতে পারেন তিনি।
তবে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে ইরানের অব্যাহত বাধার জবাবে দেশটির ওপর মার্কিন নৌ অবরোধ বহাল রাখার কথা জানিয়েছেন ট্রাম্প। বৈশ্বিক জ্বালানি সরবরাহ ও আন্তর্জাতিক বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই নৌপথ দিয়ে বিশ্বের মোট জ্বালানি সরবরাহের প্রায় এক-পঞ্চমাংশ পরিবাহিত হতো।