হাসিনা-আওয়ামী লীগের নিরাপদ ঠিকানা ভারত: রিজভী

আপডেট : ১৭ নভেম্বর ২০২৬, ০৪:৪৮ পিএম

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, শেখ হাসিনা ও আওয়ামী লীগের কাছে ভারত হলো প্রশ্রয়, আনন্দ ও নিরাপত্তার জায়গা। তারা নিজেদের দেশকে নিরাপদ মনে করেন না। এ কারণেই শেখ হাসিনা পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছেন।

মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে রাজশাহী মেডিকেল কলেজ মিলনায়তনে ছাত্রদল আয়োজিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রুহুল কবির রিজভী বলেন, বাকশালের একটি অংশই ১৫ আগস্টের ঘটনা ঘটিয়ে শেখ মুজিবসহ অন্যদের হত্যা করেছিল। অরক্ষিত স্বাধীনতা ৭ নভেম্বরের জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের মধ্য দিয়ে সুরক্ষিত হয়েছিল বলেও মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, আওয়ামী লীগের ১৭ বছরের দুঃশাসনের বিরুদ্ধে লড়াইয়ে ৭ নভেম্বরের চেতনা মূল প্রেরণা হিসেবে কাজ করেছে। দেশ যখনই বিপজ্জনক পরিস্থিতির মুখে পড়েছে, তখনই ৭ নভেম্বরের চেতনায় উদ্বুদ্ধ হয়ে মানুষ জেগে উঠেছে।

রিজভীর ভাষ্য, বাকশাল প্রতিষ্ঠার মাধ্যমে ভিন্নমত দমনের পাশাপাশি মানুষের বাক্‌স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছিল এবং একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করা হয়েছিল। ৭ নভেম্বর সিপাহি-জনতার বিপ্লবের মধ্য দিয়ে গণতন্ত্র ও বাক্‌স্বাধীনতা ফিরে আসে।

রাজশাহী মেডিকেল কলেজ ছাত্রদলের সভাপতি আমির মীমের সভাপতিত্বে সভায় প্রধান বক্তা ছিলেন ছাত্রদলের কেন্দ্রীয় সহসভাপতি তৌহিদুর রহমান আউয়াল।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন, রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুন-অর-রশীদ, ড্যাবের কেন্দ্রীয় নেতা চিকিৎসক ওয়াসিম হোসেন ও চিকিৎসক মোফাখখারুল ইসলাম এবং রাজশাহী মেডিকেল কলেজ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক চিকিৎসক মনোয়ার তারিক সাবু।

সর্বশেষ সর্বাধিক পঠিত