সাত দিনের রিমান্ডে সাঈদ খোকন

আপডেট : ১৭ নভেম্বর ২০২৬, ০৬:৪৫ পিএম

কিশোর আবদুল মোতালেব হত্যা মামলায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও ঢাকা-৬ আসনের সাবেক সংসদ সদস্য সাঈদ খোকনের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার (১৭ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে তাকে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসানের আদালতে হাজির করা হয়। শুনানি শেষে আদালত তার সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন।

রিমান্ড আবেদনে তদন্তকারী সংস্থা দাবি করেছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে এই মামলার ঘটনায় সাঈদ খোকনের সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। ২০২৪ সালের আন্দোলন দমনে কঠোর পদক্ষেপ নেওয়ার পাশাপাশি তার নির্দেশে ছাত্রলীগ, যুবলীগসহ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা হামলা চালিয়েছিলেন বলে অভিযোগ করা হয়েছে। এ ছাড়া হামলায় অর্থ ও অস্ত্র সরবরাহের অভিযোগও আনা হয়েছে।

আবেদনে আরও বলা হয়, সরকার পতনের পর সাঈদ খোকন ঢাকার বিভিন্ন স্থানে আত্মগোপনে থেকে ঝটিকা মিছিলের আয়োজন করেন। পাশাপাশি পলাতক শীর্ষ নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ রেখে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির পরিকল্পনা করছিলেন বলে অভিযোগ রয়েছে। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে এসব বিষয়ে বিস্তারিত জানতে তাকে ১০ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের আবেদন করা হয়েছিল। তবে শুনানি শেষে আদালত সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন।

মামলার বিবরণ অনুযায়ী, ২০২৪ সালের ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর জিগাতলা বাসস্ট্যান্ড এলাকায় মিছিলে থাকা আবদুল মোতালেব নামের এক কিশোর গুলিবিদ্ধ হয়ে মারা যায়। আওয়ামী লীগ সরকারের পতনের পর একই বছরের ২৬ আগস্ট তাঁর বাবা আবদুল মতিন বাদী হয়ে ধানমন্ডি থানায় হত্যা মামলাটি করেন।

মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ মোট ১৭৬ জনকে আসামি করা হয়। এ মামলার এজাহারনামীয় ২৯ নম্বর আসামি সাঈদ খোকন।

সর্বশেষ সর্বাধিক পঠিত